জার্মান সেনাবাহিনীর ৬০ শতাংশের বেশি নারী যৌন হয়রানির শিকার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জার্মান সেনাবাহিনীর ৬০ শতাংশের বেশি নারী যৌন হয়রানির শিকার
জার্মান সেনাবাহিনীর সদস্যরা

জার্মান সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় ৬০ শতাংশেরও বেশি নারী সেনা যৌন হয়রানির শিকার হয়েছেন। পটসডাম-ভিত্তিক সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ৪ হাজারেরও বেশি নারী সেনার ওপর চালানো এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ডের স্পিগেল পত্রিকা এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

গবেষণায় হয়রানির তীব্রতাকে চারটি স্তরে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী জানিয়েছেন, তারা যৌনতাপূর্ণ মন্তব্য ও ইঙ্গিতপূর্ণ কথাবার্তার শিকার হয়েছেন। এছাড়া ১৫ শতাংশ নারীর ক্ষেত্রে তাদের ইচ্ছার বিরুদ্ধে ছবি তোলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই ছবি বিকৃত করার ঘটনা ঘটেছে। ৮ শতাংশ নারী শারীরিক আক্রমণের শিকার হয়েছেন এবং ২ শতাংশ প্রকাশ্য যৌন সহিংসতার কথা জানিয়েছেন।

এদিকে এক-তৃতীয়াংশের বেশি সৈন্য কোনো অভিযোগ জানাননি বা জানাতে চাননি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর আস্থার অভাব এবং এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার কোনো আন্তরিক ইচ্ছা কর্তৃপক্ষের আছে কি না, সে বিষয়ে তাদের মনে ঘোর সংশয় রয়েছে।

প্রতিবেদনটি এমন এক সময়ে সামনে এল, যখন জার্মানি তাদের সশস্ত্র বাহিনী বা বুন্ডেসভেয়ার সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং তরুণ সদস্য নিয়োগ আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছে। গত সপ্তাহে জার্মানির শীর্ষ সামরিক কমান্ডার সশস্ত্র বাহিনীর মধ্যে যৌন অসদাচরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ম্যাগাজিনটির তথ্য অনুযায়ী, ইন্সপেক্টর জেনারেল কার্স্টেন ব্রুয়ার সেপ্টেম্বরে সশস্ত্র বাহিনীকে দেওয়া এক আনুষ্ঠানিক আদেশে বর্তমান পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির সামরিক ব্যারাকে অশালীন মন্তব্য থেকে শুরু করে ধর্ষণের মতো গুরুতর যৌন অসদাচরণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/