চীনা ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জার্মান সেনাবাহিনীর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
চীনা ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জার্মান সেনাবাহিনীর
ড্রোন ব্যবহার করছেন জার্মান সেনা সদস্যরা ও চীনের তৈরি ড্রোন (ইনসেটে)

নিরাপত্তার ঝুঁকি এড়াতে চীনের তৈরি বাণিজ্যিক ড্রোন ও গাড়ি সামরিক ঘাঁটি এবং প্রশিক্ষণকেন্দ্রে নিষিদ্ধ করেছে জার্মান সেনাবাহিনী। আশঙ্কা করা হচ্ছে, এসব ড্রোনের মাধ্যমে স্পর্শকাতর সামরিক স্থাপনা, প্রশিক্ষণ কার্যক্রম ও অস্ত্রব্যবস্থার সংবেদনশীল তথ্য চলে যেতে পারে চীনা গোয়েন্দাদের হাতে।

জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সব ইউনিটকে চীনা বাণিজ্যিক ড্রোনের ব্যবহার অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজেআইয়ের মতো জনপ্রিয় ও বড় নির্মাতা প্রতিষ্ঠানের ড্রোনও। আগে কেনা এসব ড্রোন যত দ্রুত সম্ভব ব্যবহার থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, চীনের তৈরি ড্রোন আর ব্যবহার করা হবে না। এর পরিবর্তে এখন থেকে জার্মানি কিংবা ইউরোপের অন্য কোনো দেশের তৈরি ড্রোন ব্যবহার করা হবে। তবে ২০২৪ সাল থেকে প্রশিক্ষণের জন্য ঠিক কতগুলো চীনা ড্রোন কেনা হয়েছিল, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামরিক নিরাপত্তার কারণ দেখিয়ে সেই তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সামরিক কমান্ডাররা সহজ প্রশাসনিক প্রক্রিয়ায় এভাবে কয়েক হাজার বাণিজ্যিক ড্রোন কিনেছেন বলে ধারণা করা হচ্ছে। এসবের মধ্যে ডিজেআইয়ের ম্যাট্রিস এম৩০টি মডেলের ড্রোনও রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালে নিজেদের ড্রোন কৌশলের অংশ হিসেবে সশস্ত্র বাহিনী উপযুক্ত ড্রোনের একটি তালিকা করেছিল। যেখানে ডিজেআইয়ের কয়েকটি মডেলও রাখা হয়েছিল। কিন্তু কোন ইউনিট ঠিক কী ধরনের ড্রোন কিনেছে, তার কোনো কেন্দ্রীয় হিসাব না থাকায় শেষ পর্যন্ত সব চীনা ড্রোনের ওপরই নিষেধাজ্ঞা দিতে হয়েছে।

চীনা ড্রোনের মাধ্যমে তথ্য ফাঁসের শঙ্কা নিয়ে বেশ কিছুদিন ধরেই জার্মান সেনাবাহিনীর ভেতরে নানা বিতর্ক চলছিল। শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ছিল, সামরিক ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্রে এসব ড্রোন বেশ কড়া নিরাপত্তাবিধি মেনেই ব্যবহার করা হয় এবং কেবল যেখানে কোনো সংবেদনশীল তথ্য নেই, সেখানেই এগুলো ওড়ানো হয়। এমনকি সামরিক পাল্টা-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণে লক্ষ্যবস্তু হিসেবেও এসব ড্রোন ব্যবহার করা হতো।

তবে একাধিক সূত্রের দাবি, জার্মানির সামরিক কাউন্টার-ইন্টেলিজেন্স সংস্থা এমএডি কয়েকটি ড্রোন পরীক্ষা করে বাইরে তথ্য পাঠানোর ফরেনসিক প্রমাণও পেয়েছে। যদিও এই ড্রোনের মাধ্যমে ইতোমধ্যে কোনো সংবেদনশীল তথ্য আদতে চুরি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আরব নিউজ

/এমএকে/