শিরোনাম

ইলন মাস্ককে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইলন মাস্ককে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (বাঁয়ে) ও ইলন মাস্ক (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ককে ইউক্রেনের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অফ ফ্রিডম’-এ ভূষিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (২৬ আগস্ট) এক প্রশাসনিক অধ্যাদেশে স্বাক্ষরের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মানব জীবন ও স্বাধীনতা রক্ষায় এবং ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার অসামান্য ব্যক্তিগত অবদানের স্বীকৃতি হিসেবে মাস্ককে এ সম্মান জানানো হয়েছে। সম্প্রতি এ রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্তদের তালিকায় ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের মতো শীর্ষ নেতারাও রয়েছেন।

৪ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেশটির সামরিক অভিযান ও অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে স্পেসএক্স-এর স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্টারলিঙ্ক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীও অবৈধ উপায়ে এটি ব্যবহার করায় ফেব্রুয়ারিতে কিয়েভ একটি বিশেষ যাচাইকরণ বা ‘শ্বেত তালিকা’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সময় ইউক্রেনের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছিলেন, অন্য সবকিছু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। মূলত রাশিয়ানদের স্টারলিংক ব্যবহারের প্রতিক্রিয়া হিসেবে স্পেসএক্স-এর সঙ্গে সমন্বয় করে এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এর প্রভাবে রুশ বাহিনীর স্টারলিঙ্ক টার্মিনালগুলো টানা কয়েক সপ্তাহ নিষ্ক্রিয় ছিল।

বর্তমানে ইউক্রেনীয় প্রতিরক্ষা জোরদার করতে রাশিয়ার সীমানার ভেতরেও স্টারলিঙ্ক ব্যবহারের অনুমতি চাইছে কিয়েভ। সপ্তাহের শেষে ইউক্রেনীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, মস্কোর ওপর দিয়ে স্টারলিঙ্ক ব্যবহারের অনুমতি পেতে মাস্কের সম্মতি আদায়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন। তবে এ প্রস্তাবে মাস্ক জানিয়েছেন, এটি যুদ্ধে একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা এখনও শেষ হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/