শিরোনাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় সহায়তার আশ্বাস রাশিয়ার

সিটিজেন ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় সহায়তার আশ্বাস রাশিয়ার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং দ্বিপাক্ষিক আলোচনা পুনরুজ্জীবিত করতে যেকোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। তবে মস্কো নিজে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। উভয় পক্ষের উপযুক্ত অনুরোধ পেলেই কেবল সহায়তার হাত বাড়িয়ে দেবে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মস্কোর এ অবস্থানের কথা জানান।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো সবসময়ই যেকোনো আন্তর্জাতিক সংকট নিরসনে কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথ অনুসরণের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। সংঘাত এড়াতে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা শুরুর সাম্প্রতিক প্রচেষ্টাকে স্বাগত জানানোর পাশাপাশি এ অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সক্রিয় ও ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

সের্গেই রিয়াবকভ পরিষ্কার করে জানিয়েছেন, এ সংঘাত নিরসনে রাশিয়ার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার সক্ষমতা রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে অত্যন্ত সুপরিচিত। তবে ক্রেমলিন তার নিজস্ব কোনো মতামত কারো ওপর জোর করে চাপিয়ে দিতে চায় না, কেবল পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তারা এ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী।

সূত্র: আল জাজিরা