ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে নিহত ৬, আটকা ২০ শ্রমিক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে নিহত ৬, আটকা ২০ শ্রমিক
খনিতে উদ্ধার অভিযান চলমান

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর জেলায় একটি অননুমোদিত স্বর্ণের খনিতে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। সোমবার (২৩ নভেম্বর) ভারী বৃষ্টির পর পাশের নদীর পানি উপচে পড়ায় খনিটি প্লাবিত হয় এবং শ্রমিকরা ভেতরে আটকে যান। বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন শ্রমিক নিহত হয়েছেন এবং ২০ জনের মতো ভেতরে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের তথ্যমতে, আটকা পড়া শ্রমিকরা প্রায় ১০০ মিটার বা ৩২৮ ফুট গভীরে অবস্থান করছেন। দপ্তরটি জানিয়েছে, ভেতরে যাওয়ার রাস্তা বেশ সরু, আর জায়গাটা পিচ্ছিল ও অন্ধকার। তবে উদ্ধারকাজের অগ্রগতি বা শ্রমিকদের ঠিক কতটা কাছাকাছি পৌঁছানো গেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান দেসিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেন, আমরা পানির অবস্থা পর্যবেক্ষণ করতে এবং খনি খাদে প্রবেশের পথ মূল্যায়ন করতে সকল অনুসন্ধান ও উদ্ধারকর্মীর সঙ্গে সমন্বয় করছি। উদ্ধারকর্মীরা যেন নিরাপদে কাজ করতে পারেন, সে জন্য খাদের গভীরতা, সরু পথ এবং কম আলোর মতো বিষয়গুলো মাথায় রেখেই অভিযান সাজানো হচ্ছে।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোরের পাহাড়ি এলাকা পংকরে খনিটি অবস্থিত। ওই অঞ্চলে রাষ্ট্রীয় খনি সংস্থা আন্তামের স্বর্ণখনির কার্যক্রম রয়েছে।

খনিজ সম্পদে ভরপুর ইন্দোনেশিয়ায় ছোট ও অননুমোদিত খনিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দুর্গম এলাকা হওয়ায় এসব খনির ওপর নজরদারি রাখা কর্তৃপক্ষের জন্য বেশ কঠিন। স্থানীয় সংবাদমাধ্যম ডেটিক জানিয়েছে, গত সপ্তাহেই বোগোরের আরেকটি এলাকায় প্রায় ৩০টি স্বর্ণের খনি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা ও এপি

/এমএকে/