বিজয় দিবস ঘিরে মাসব্যাপী উৎসব করবে দক্ষিণ বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবস ঘিরে মাসব্যাপী উৎসব করবে দক্ষিণ বিএনপি
সভায় কথা বলছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম

মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬ আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ উৎসব সফল করতে দলের প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে উৎসব আয়োজনের প্রস্তুতি সভায় এ আহ্বান জানান তিনি।

আবদুস সালাম বলেন, মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই মাসব্যাপী এ আয়োজন করা হচ্ছে। উৎসব সফল করতে মহানগর দক্ষিণ বিএনপির প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এ সময় দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিজয় উৎসব সফল করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মহানগর দক্ষিণ বিএনপির ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয়ে এসব কর্মসূচি পরিচালিত হবে। আয়োজনে দলের সাবেক ও বর্তমান নেতাদের পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সভায় মাসব্যাপী উৎসবের কর্মসূচি, সাংগঠনিক সমন্বয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এতে নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, সদ্য সাবেক আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ ২৪টি থানার আহ্বায়ক ও প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ৭৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এসবি/