নারী প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযানের আহ্বান মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নারী প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযানের আহ্বান মহিলা পরিষদের
বাংলাদেশ মহিলা পরিষদের লোগো

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেছেন, নারীর সুরক্ষা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষ জনবল, প্রয়োজনীয় সম্পদ, জেন্ডার সংবেদনশীলতা এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি দূর করা প্রয়োজন। এছাড়া, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা, বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং বিভিন্ন ধরনের হস্তক্ষেপ ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে আগামী ১৫ দিন গণমাধ্যমসহ সকল অংশীজনকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রচারাভিযানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙ্গো’- শীর্ষক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

সংবাদ-সম্মেলনে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রদান করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাড. দীপ্তি শিকদার। মঞ্চে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম; যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম; লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা এবং ডেপুটি ডিরেক্টর (লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি) অ্যাড. রামলাল রাহা।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা একটি বৈশ্বিক কর্মসূচি। সহিংসতা প্রতিরোধে দেশে দেশে অনেক আইন, নীতিমালা ও কর্মসূচি গ্রহণ করা হলেও সহিংসতার উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন এবং বৈষম্যবিলোপ আইন প্রণয়ন ও সংস্কার জরুরি।

লিখিত বক্তব্যে লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও সহিংসতা, নির্যাতন ও বৈষম্য থেকে মুক্ত হতে পারেননি। বরং নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। পারিবারিক ও সামাজিক পরিসরের পাশাপাশি অনলাইন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা, সাইবার হয়রানি, নারীবিদ্বেষী প্রচারণা এবং ব্যক্তিগত ছবি ও বার্তার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে।

তিনি বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ৩৯৮ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ২৮০ জন মেয়ে শিশু ও ১০৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে। এ ছাড়া ১৭০ জন ধর্ষণচেষ্টার এবং ২০৬ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে বিভিন্ন কারণে ৪৯০ জন নারী ও মেয়ে শিশু হত্যাকান্ডের শিকার হয়েছেন এবং ২৫৭ জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাড. দীপ্তি শিকদার বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো রোধে প্রশাসনিকভাবে স্মারক লিপি প্রদান এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার মাধ্যমে জোরালো ভূমিকা পালন করে থাকে। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারের পাশে দাড়ানো সহ মামলা পরিচালনায় সহায়তা করে ন্যায়বিচার প্রাপ্তির জন্য।

মডারেটরের বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সামাজিক ব্যাধি যা কেবল নারীর ক্ষতি করে না বরং সমগ্র সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পারিবারিক ও সামাজিক সহযোগিতা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা একসঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি বলেন, পুরুষতান্ত্রিক সংস্কৃতি ও আধিপত্যবাদের মানসিকতা থেকেই মূলত বৈষম্য এবং অপরাধের জন্ম হয়, যা দূর করতে একটি সমতার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এই লক্ষ্য অর্জনে নারী আন্দোলনকে একটি সমাজ বদলের আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতে পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে এসময় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলো হলো- যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনার আলোকে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন, বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, ভুক্তভোগীদের জন্য আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা ও মনোসামাজিক কাউন্সেলিং নিশ্চিত করা, জরুরি সহায়তা ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন, সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও শিশুর প্রতি ঘণৃা ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া নারীর মানবাধিকার ও সম্পত্তিতে সমঅধিকার নিশ্চিত করা, ক্ষতিকর সামাজিক প্রথা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭-এর কার্যকর বাস্তবায়নসহ বিয়ের বয়স নির্ধারণে স্থানীয় পর্যায়ে মনিটরিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন।

/এসবি/