প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক প্রভাব বিস্তারের চেষ্টায় বড় ধাক্কা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক প্রভাব বিস্তারের চেষ্টায় বড় ধাক্কা
অস্ট্রেলিয়া ও সলোমন দ্বীপপুঞ্জ নিরাপত্তা ও অর্থনীতি বিষয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। ছবি: বিবিসি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক প্রভাব বাড়ানোর চেষ্টায় বড় ধাক্কা খেয়েছে চীন। অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন একটি নিরাপত্তা চুক্তিতে সই করে নিজেদের মাটিতে কোনো বিদেশি সামরিক ঘাঁটি করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সলোমন দ্বীপপুঞ্জ। বিশ্লেষকদের ধারণা, এর ফলে ওই দ্বীপরাষ্ট্রে সামরিক উপস্থিতি বাড়িয়ে কৌশলগত সুবিধা নেওয়ার চীনা পরিকল্পনা অনেকটাই হোঁচট খেল।

বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুই দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ম্যাথিউ ওয়ালে এ চুক্তিতে স্বাক্ষর করেন। প্রায় এক হাজার দ্বীপ নিয়ে গঠিত সলোমন দ্বীপপুঞ্জে ৮ লাখের বেশি মানুষের বসবাস। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত দেশটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ।

২০২২ সালে সলোমন দ্বীপপুঞ্জ যখন চীনের সঙ্গে গোপন নিরাপত্তা চুক্তি করে, তখন থেকেই নানা শঙ্কা তৈরি হয়। পশ্চিমা বিশ্লেষকেরা তখন আশঙ্কা করেছিলেন, চুক্তির সুযোগ নিয়ে সলোমন দ্বীপপুঞ্জের বন্দরে চীনা যুদ্ধজাহাজ ভিড়তে পারে এবং ভবিষ্যতে সেখানে সামরিক ঘাঁটিও তৈরি হতে পারে। তেমন কিছু ঘটলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং নৌপথের নিরাপত্তা হুমকির মুখে পড়ত।

নতুন চুক্তি অনুযায়ী, সলোমন দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিক কাজে ব্যবহার করা যাবে না। পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করা হয়েছে। বিনিময়ে অস্ট্রেলিয়া দেশটির পুলিশ বাহিনীকে আরও সক্ষম করে তুলবে, সেখানকার মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করবে এবং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সহযোগিতা বাড়াবে।

সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে বলেছেন, আঞ্চলিক অনিশ্চয়তার সময় শেষ হয়েছে। তবে চীনের সঙ্গে ২০২২ সালে করা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে কি না, সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু জানাননি। তার ভাষ্য অনুযায়ী, ওই চুক্তিতে গোপনীয়তার শর্ত রয়েছে।

অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের গবেষক কনর গ্রাহামের মতে, নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ওয়ালে বেইজিং ও ক্যানবেরাকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে সলোমন দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যেহেতু চীন, তাই এ নতুন চুক্তির জেরে বেইজিং অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে বলেও মনে করছেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব সামাল দিতে অস্ট্রেলিয়া গত দুই বছরে পাপুয়া নিউগিনি, ভানুয়াতু ও ফিজির সঙ্গেও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করেছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

/এমএকে/