চীনের মহাকাশ স্টেশনে পা রাখলেন প্রথম পাকিস্তানি নভোচারী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
চীনের মহাকাশ স্টেশনে পা রাখলেন প্রথম পাকিস্তানি নভোচারী
পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পা রেখে প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রথম মহাকাশচারী হিসেবে তিনি এ অনন্য কৃতিত্ব অর্জন করেন। বেইজিং এ ঘটনাকে চীনের মহাকাশ কর্মসূচি এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে একটি ‘নতুন মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে।

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। একটি লং মার্চ-২এফ ক্যারিয়ার রকেটে চড়ে তিন সদস্যের এ দলটি মহাকাশের উদ্দেশে রওনা দেয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এবং সকাল ১১টা ৫৬ মিনিটে তিয়াংগং স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়। স্টেশনে পৌঁছানোর পর শেনঝৌ-২৩-এর নভোচারীরা নতুন অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

উৎক্ষেপণ প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করে সংস্থাটি জানিয়েছে, মহাকাশচারীরা সবাই সুস্থ আছেন। এ প্রসঙ্গে বেইজিংয়ে সাংবাদিকদের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীনা মহাকাশ স্টেশন শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক। তিনি আরও যোগ করেন, তিয়াংগং মহাকাশ স্টেশন শুধু মহাকাশে চীনা মহাকাশচারীদের আবাসই নয়, এটি বৈশ্বিক বৈজ্ঞানিক গবেষণার একটি পরীক্ষামূলক কর্মসূচিও।

৪০ বছর বয়সী জিশান আলী এ অভিযানে চীনা কমান্ডার ট্যাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই-এর সঙ্গে পেলোড স্পেশালিস্ট হিসেবে কাজ করবেন। পৃথিবীতে ফিরে আসার আগে তিনি কক্ষপথের এ স্টেশনে প্রায় এক সপ্তাহ থাকবেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। পুরো অভিযানে দলটির প্রায় ৯০টি গবেষণা চালানোর কথা রয়েছে।

মূলত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক মহাকাশ সহযোগিতা চুক্তির হাত ধরেই এ যাত্রা সম্ভব হয়েছে। ওই চুক্তির আওতায় আলী এবং আরেক প্রার্থী খুররাম দাউদ চীনে সাত মাসের নিবিড় প্রশিক্ষণ নেন, যেখান থেকে চূড়ান্তভাবে আলীকে বেছে নেওয়া হয়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানি অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের বাণিজ্যিক ফ্লাইটে সাব-অরবিটাল মহাকাশে গিয়েছিলেন। তবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা প্রথম পাকিস্তানি নাগরিক জিশান আলীই।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/