জীবন সঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জীবন সঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত
প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির এই যুগে এবার মনের মতো জীবনসঙ্গী খুঁজে দেওয়ার দায়িত্ব নিচ্ছে ডেটিং অ্যাপ। শুধু তা-ই নয়, তিন বছরের মধ্যে বিয়ের উপযুক্ত সঙ্গী মেলাতে না পারলে গ্রাহকের পুরো টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যতিক্রমী এই শর্তের কারণে চীনে ‘লিয়াংপেই এআই’ নামের অ্যাপটি নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে।

জুলাইয়ে যাত্রা শুরু করা এ অ্যাপের বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা। প্রচলিত ডেটিং অ্যাপগুলোর মতো এখানে একসঙ্গে অনেকের সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই। একজন ব্যবহারকারী একবারে কেবল একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গেই পরিচিত হতে পারবেন। সেই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নতুন কারও প্রোফাইল দেখা যাবে না। নিবন্ধনের সময় আসল নাম ও ছবির পাশাপাশি ব্যবহারকারী আসলেই অবিবাহিত কি না, তা কঠোরভাবে যাচাই করা হয়। অ্যাপটি চালুর প্রথম মাসেই এ যাচাই-বাছাইয়ে দেড় শতাধিক বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।

অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলার পর শুরুতেই এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলতে হয়। এ সময় ব্যবহারকারীর পরিবার, বেড়ে ওঠা, পড়াশোনা, পেশা, ভালো লাগা, জীবনযাপন এবং জীবনসঙ্গী নিয়ে প্রত্যাশার কথা জেনে নেয় এআই। এসব তথ্য বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি হয় এবং তার ভিত্তিতেই ব্যক্তিত্ব ও মূল্যবোধের মিল থাকা উপযুক্ত সঙ্গীর সন্ধান মেলে।

লিয়াংপেই এআইয়ের পেছনে রয়েছেন জেং সিনসুন। এর আগে তিনি চীনের নামী প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের চ্যাটবট ‘কিমি’র সার্চ প্রযুক্তি তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন। গত বছর কিমি কে-টু বাজারে আসার সময় কয়েক কোটি ইউয়ান মূল্যের শেয়ারের লোভ সামলে চাকরি ছেড়ে দেন জেং। নিজের ম্যাচমেকিং বা ঘটকালির ধারণা থেকেই অ্যাপটি তৈরি করেন তিনি।

প্রচলিত ডেটিং অ্যাপগুলোকে ‘অনলাইন হলুদ পাতা’র সঙ্গে তুলনা করে জেং বলেন, এসব অ্যাপে মানুষের সাধারণ তথ্য পাওয়া গেলেও আসল কাজটি ব্যবহারকারীকেই করতে হয়। এখনকার তরুণ-তরুণীরা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি খুঁতখুঁতে, যা সাধারণ অ্যাপগুলো ধরতে পারে না। জেং নিজেও একটি ডেটিং অ্যাপের মাধ্যমেই নিজের স্ত্রীর দেখা পেয়েছিলেন। দুজনই নিজেদের সম্পর্কে হাজার শব্দের বেশি লিখেছিলেন বলে মাত্র একদিনের আলাপেই তারা দেখা করার সিদ্ধান্ত নেন। শুরুতেই একে অপরকে গভীরভাবে বুঝতে পারার কারণেই তাদের সম্পর্ক দ্রুত পরিণতি পেয়েছিল বলে মনে করেন তিনি।

অ্যাপটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো টাকা ফেরতের নিশ্চয়তা। জেংয়ের মতে, বিয়ে যেহেতু একটি আইনি বিষয়, তাই কেউ বৈধভাবে বিয়ে করেছেন কি না তা যাচাই করা কঠিন নয়। ব্যবহারকারীকে সঙ্গী খুঁজে দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির মুনাফা করা উচিত নয় বলে মনে করেন তিনি। তবে কেউ অ্যাপটি খুব কম ব্যবহার করে অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে টাকা ফেরত পাবেন কি না, কিংবা ত্রৈমাসিক ও লাইফটাইম প্যাকেজে এ শর্ত খাটবে কি না- তা এখনো পরিষ্কার নয়।

সঙ্গী খোঁজার পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন সামলাতে অ্যাপটিতে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামের একটি বিশেষ সুবিধা রাখা হয়েছে। কথোপকথন ও প্রোফাইল বিশ্লেষণ করে এটি সম্পর্কের নানা জটিলতায় পরামর্শ দেয়। যেমন, এক নারী ব্যবহারকারী তার পছন্দের পুরুষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এআইয়ের শরণাপন্ন হন। এআই তাকে জানায়, যত ব্যস্ততাই থাকুক না কেন, তিন দিনের মধ্যে অনুপস্থিতির কারণ জানানো উচিত। ওই পরামর্শ মেনে নারীটি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং পরে নিজের মনের মতো সঙ্গী খুঁজে পান।

ইতোমধ্যে লিয়াংপেই এআইতে ৩৫ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন, যার মধ্যে প্রায় ৯ শতাংশ অর্থ খরচ করে সেবা নিচ্ছেন। এ ছাড়া বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে দেড় কোটি ইউয়ান বা প্রায় ২২ লাখ মার্কিন ডলার তহবিলও পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে অ্যাপটি একেবারেই নতুন হওয়ায় এর মাধ্যমে কতজনের বিয়ে হয়েছে, সেই হিসাব এখনো মেলেনি। টাকা ফেরতের প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ নেয়, তা দেখতেও অপেক্ষা করতে হবে ২০২৯ সাল পর্যন্ত।

বাজার বিশ্লেষকদের ধারণা, এআই যদি সত্যিই মনের মতো সঙ্গী খুঁজে দিতে পারে, তবে দাম্পত্য জীবন যেমন সুন্দর হবে, তেমনি প্রেম ও সম্পর্কের প্রতি মানুষের আগ্রহও বাড়বে। অন্যদিকে, অনেকের মতে অ্যাপটির ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ সুবিধাটি বিবাহিত দম্পতিদের জন্যও চালু করা দরকার, যাতে সংসারের নানা জটিলতায় তারা একজন নিরপেক্ষ পরামর্শকের সাহায্য নিতে পারেন।

/এমএকে/