শিরোনাম

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ওয়াসান্থা কারান্নাগোদা।

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে যোশিথা রাজাপাকসাকে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, ২০০৬ সালে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই সাবেক রাষ্ট্রপতির ছেলে যোশিতা রাজাপক্ষকে নৌবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং অ্যাডমিরাল কারান্নাগোদা এই প্রক্রিয়ায় সরাসরি প্রভাব খাটিয়েছিলেন।

জানা গেছে, ২০০৯ সালে শ্রীলঙ্কার দীর্ঘদিনের তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ সমাপ্তির সময় দেশটির নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন কারান্নাগোদা। পরবর্তীতে ২০১৯ সালে তাকে ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ পদে উন্নীত করা হয়, তবে বর্তমানে তিনি নৌবাহিনীর কোনো সক্রিয় দায়িত্বে নেই।

এদিকে, মামলার অন্যতম অভিযুক্ত ৩৮ বছর বয়সি যোশিতা রাজাপক্ষকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছিল। ব্রিটেনের ঐতিহ্যবাহী ডার্টমাউথ নেভাল কলেজে নিজস্ব প্রশিক্ষণের জন্য সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া সেই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, যোশিতা রাজাপক্ষের বেআইনি নিয়োগ এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে সাবেক নৌপ্রধান সুস্পষ্টভাবে দুর্নীতি করেছেন।

এছাড়া, যোশিতা রাজাপক্ষের বিরুদ্ধে বাবার শাসন আমলে (২০০৫-২০১৫) বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের ফৌজদারি মামলাও চলমান রয়েছে, যার উৎস হিসেবে তিনি তার খালাতো দাদির দেওয়া মণি-মুক্তা বিক্রির যে দাবি করেছিলেন, তা তদন্তে ভুয়া প্রমাণিত হয়েছে।

অন্যদিকে, সাবেক এই নৌপ্রধান কেবল দুর্নীতির মামলাই নয়, বরং গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো যুদ্ধাপরাধের অভিযোগেও অভিযুক্ত, যার কারণে ২০২৫ সালের মার্চ মাসে ব্রিটেনের পক্ষ থেকে কারান্নাগোদার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এ ছাড়া তার বিরুদ্ধে ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন যুবককে হত্যার অভিযোগও রয়েছে।

/এফআর/