৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান, আহত ২৪

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান, আহত ২৪
প্রতীকী ছবি

রবিবার (৮ নভেম্বর) ভোরে মধ্য জাপানে ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কম্পনের দরুন বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন।

জাপান আবহাওয়া সংস্থার তথ্যমতে, শিযুওকা প্রিফেকচারে স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে এ ভূমিকম্পটি হয়। তবে এর পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ধ্বংসস্তূপ বা মৃত্যুর কোনো খবর পাওয়া না গেলেও বহু জায়গায় ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়তে দেখা গেছে।

আইচির একজন জরুরি কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ মূলত সামান্য আহত হওয়ার ১৬টি খবর পেয়েছে। আর পার্শ্ববর্তী শিজুওকার প্রশাসন জানায়, অন্তত তিনজন নারী জরুরি চিকিৎসা সেবা নিয়েছেন, স্থানীয় চুনিচি শিম্বুন সংবাদপত্র এবং টোকাই টেলিভিশন পৃথকভাবে জানিয়েছে, দুটি অঞ্চল জুড়ে অন্তত ২৪ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের তীব্রতায় আইচি অঞ্চলের তোয়োহাশি শহরে একটি গাড়ি বিক্রির দোকানের জানালাগুলো ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পাশাপাশি আইচি প্রদেশের টয়োটা শহরের একটি বড় বইয়ের দোকান জানিয়েছে তাদের তাক থেকে পণ্যসামগ্রী পড়ে যাচ্ছে।

আকস্মিক এ কম্পনের কারণে রবিবার সকালে শিনকানসেন বুলেট ট্রেনসহ আঞ্চলিক ট্রেন পরিষেবা সাময়িকভাবে বিলম্বিত ও স্থগিত করতে হয়েছিল।

এ ঘটনার পরেই, রবিবার স্থানীয় সময় সকাল ১০:৫৩ মিনিটে কুমামোটো অঞ্চলে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে আবহাওয়া সংস্থা জানিয়েছে। তবে দ্বিতীয় ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র; জাপান টাইমস

/এমএকে/