চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানে এফ-১৬ যুদ্ধবিমান পাঠালো যুক্তরাষ্ট্র

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানে এফ-১৬ যুদ্ধবিমান পাঠালো যুক্তরাষ্ট্র
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে দ্বিতীয় দফায় ৩টি এফ-১৬ ব্লক ৭০ যুদ্ধবিমান হাতে পেয়েছে তাইওয়ান। রবিবার (৮ নভেম্বর) যুদ্ধবিমান তিনটি তাইতুংয়ের চিহাং বিমান ঘাঁটিতে ‘নিরাপদে’ অবতরণ করেছে বলে দেশটির বিমানবাহিনীর বরাতে জানিয়েছে তাইপে-ভিত্তিক গণমাধ্যম সেন্ট্রাল নিউজ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দক্ষিণ ক্যারোলিনায় অবস্থিত লকহিড মার্টিনের কারখানা থেকে বিমানগুলো তাইওয়ানের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল। এর আগে গত মাসেই নিজের প্রথম দুটি এফ-১৬ ব্লক ৭০ যুদ্ধবিমান গ্রহণ করে তাইপে।

মূলত চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ মোকাবিলায় বিমান প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬৬টি এফ-১৬ভি যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেয় তাইওয়ান। তৎকালীন মার্কিন প্রশাসন প্রায় ৮ বিলিয়ন ডলারের এই অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছিল। তবে ওয়াশিংটনের কাছ থেকে তাইওয়ানের এ যুদ্ধবিমান পাওয়ার বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি বেইজিং। স্বশাসিত দ্বীপরাষ্ট্রটিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যেই ‘কঠোর’ বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে চীন। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে হলেও তা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার হুঁশিয়ারি দিয়ে আসছে। অন্যদিকে তাইপে সব সময়ই তাদের নিজস্ব সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর জোর দিয়ে আসছে।

দুই দেশের মধ্যে এ টানাপোড়েনের মাঝেই সামরিক সক্ষমতা বাড়াতে ‘ফিনিক্স রাইজিং’ কর্মসূচির অধীনে আগে থেকেই কাজ করে যাচ্ছিল তাইওয়ান। এ প্রকল্পের আওতায় মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও তাইওয়ানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন যৌথভাবে দেশটির পুরোনো ১৪০টি এফ-১৬এ/বি যুদ্ধবিমানকে শক্তিশালী এফ-১৬ভি ব্লক ২০ কনফিগারেশনে উন্নীত করে। ২০২৩ সালের ডিসেম্বরে এ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছিল। আর এবার সরাসরি যুক্তরাষ্ট্রের কারখানা থেকে নতুন এফ-১৬ ব্লক ৭০ সংযোজনের মাধ্যমে নিজেদের আকাশসীমা রক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল তাইপে।

সূত্র: আনাদোলু এজন্সি

/এমএকে/