ট্রাম্পের ফোন-চিঠিকে পাত্তা না দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে কিম

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ট্রাম্পের ফোন-চিঠিকে পাত্তা না দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে কিম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার যোগাযোগের চেষ্টাকে উপেক্ষা করে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুধু তাই নয়, কূটনৈতিক আলোচনার পথ এড়িয়ে তিনি নিজের দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও সমৃদ্ধ করছেন। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর সরকারি ফোন লাইনসহ নানা মাধ্যমে কিমের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়াই মেলেনি। উপায় না দেখে ট্রাম্প কিমকে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘে উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন।

একদল মার্কিন কর্মকর্তা কার্যালয়ের বাইরে অপেক্ষায় ছিলেন। এক উত্তর কোরীয় কূটনীতিক পাশ দিয়ে যাওয়ার সময় তারা দ্রুত তার হাতে চিঠিটি তুলে দেন। তবে পরবর্তীতে জাতিসংঘের একটি বৈঠকে এক মার্কিন প্রতিনিধির সামনে ওই কূটনীতিক না খোলা চিঠিটি রেখে দিয়ে চলে যান।

ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি করানো। কিন্তু এখন কিম সে পথে হাঁটতে একদমই নারাজ। এমনকি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোরও কোনো আগ্রহ তার মধ্যে দেখা যাচ্ছে না। সম্প্রতি এশিয়া সফরের সময় ট্রাম্প আরেকটি বৈঠকের চেষ্টা করেছিলেন। শেষ মুহূর্তে দুই পক্ষের মধ্যে এ নিয়ে কথাও হয়েছিল, কিন্তু কিম এমন কিছু শর্ত জুড়ে দেন যা যুক্তরাষ্ট্রের পক্ষে মানা সম্ভব ছিল না। গত বছরের এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছিল, কিমের কৌশলগত অস্ত্র কর্মসূচিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সরে আসার কোনো ইচ্ছা নেই।

২০১৯ সালে ট্রাম্প ও কিমের শেষ সাক্ষাতের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বহুগুণ বেড়েছে। তখন তাদের কাছে ২০ থেকে ৩০টি পারমাণবিক ওয়ারহেড ছিল বলে ধারণা করা হতো, যা এখন বেড়ে প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে। এর পাশাপাশি দেশটি কঠিন জ্বালানিচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করেছে। এটি সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্রে আগে থেকেই জ্বালানি ভরে রাখা যায় এবং চলন্ত যানবাহন থেকে উৎক্ষেপণ করা যায় বলে হামলার আগে এগুলো শনাক্ত করা বেশ কঠিন।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া এখন রাশিয়ার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর মস্কোর পাশে দাঁড়ায় পিয়ংইয়ং। মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, ওই বছরের শেষ দিক থেকেই রাশিয়ায় রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে দেশটি। এছাড়া নিজেদের অর্থনীতির চাকা সচল রাখতে সাইবার হামলার মাধ্যমে চুরির পথ বেছে নিয়েছে কিম প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারেরও বেশি হাতিয়ে নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা ঘটিয়েছে উত্তর কোরিয়া।

ফেব্রুয়ারিতে এক ভাষণে কিম জানান, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি মেনে নেয়, তবেই কেবল শান্তিপূর্ণ সম্পর্ক সম্ভব। অথচ এ দুই নেতার সম্পর্কের শুরুটা ছিল বেশ নাটকীয়। ২০১৭ সালের ১ জানুয়ারি কিম যখন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতির কথা জানান, তখন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, এটা হবে না! এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে এক সমাবেশে কিমের সঙ্গে নিজের সখ্যের কথা বলতে গিয়ে ট্রাম্প মন্তব্য করেছিলেন, তারা প্রেমে পড়েছে।

পরবর্তীতে তাদের করমর্দন ও সাক্ষাৎ হলেও কোনো বড় চুক্তি আলোর মুখ দেখেনি। ২০১৯ সালের দ্বিতীয় বৈঠকে কিম তাদের প্রধান ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্রের কিছু অংশ বন্ধ করার বদলে জাতিসংঘের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু ট্রাম্প পুরোপুরি পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে অনড় ছিলেন। সে সময় সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্প বলেছিলেন, আমার পক্ষে একটি সাধারণ চুক্তি করে বিজয় দাবি করা খুব সহজ হবে। আমি তা করতে চাই না। আমি চাই তারা তাদের পারমাণবিক অস্ত্র থেকে মুক্তি পাক। সময়ের পরিক্রমায় সেই আলোচনা আর এগোয়নি, বরং চিঠি ফেরত দেওয়ার মতো ঘটনায় দুই দেশের কূটনৈতিক দূরত্ব এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/