আসিয়ান সম্মেলনে পূর্ণ প্রতিনিধিত্ব না পাওয়ায় ক্ষুব্ধ মিয়ানমার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আসিয়ান সম্মেলনে পূর্ণ প্রতিনিধিত্ব না পাওয়ায় ক্ষুব্ধ মিয়ানমার
মিয়ানমারের সামরিক-সমর্থিত রাষ্ট্রপতি মিন-অং-হ্লাইং

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছে মিয়ানমারের সামরিক-সমর্থিত সরকার। জোটের শীর্ষ সম্মেলনে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে শনিবার (২১ নভেম্বর) নেপিদোর পক্ষ থেকে একে অন্যায় ও ভারসাম্যহীন বলে আখ্যা দেওয়া হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানায়। তাদের দাবি, দেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে সরকার যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, আসিয়ানের সিদ্ধান্তে তার কোনো স্বীকৃতি মেলেনি। আঞ্চলিক সংস্থাটিতে মিয়ানমারের অবস্থান বারবার উপেক্ষা করা হচ্ছে এবং দেশটিকে তার সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত রাখা হয়েছে বলেও বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করা হয়।

মূলত ম্যানিলা সম্মেলনে আসিয়ান নেতারা মিয়ানমারের রাজনৈতিক অংশগ্রহণের ওপর চলমান বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জোটের পক্ষ থেকে এটিও স্পষ্ট করা হয়েছে, আসিয়ানের দেওয়া পাঁচ-দফা ঐকমত্য বাস্তবায়নে মিয়ানমার যদি দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারে, তবে পর্যায়ক্রমে তাদের পূর্ণ প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়া হতে পারে। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সহিংসতা বন্ধ, সব পক্ষের মধ্যে সংলাপ শুরু এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ পাঁচ-দফা কাঠামো তৈরি করেছিল আসিয়ান। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষের অভিযোগ, সংকট মোকাবিলায় তাদের প্রচেষ্টার সঠিক মূল্যায়ন হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিবৃতির কয়েক দিন আগেই, বুধবার দেশটির সামরিক-সমর্থিত রাষ্ট্রপতি মিন অং হ্লাইং সংসদে জানিয়েছিলেন তার প্রশাসন আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে। অবশ্য জোটের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছিলেন তিনি।

এদিকে, একই বিবৃতিতে দেশে কোনো রাজনৈতিক বন্দি থাকার অভিযোগও সরাসরি নাকচ করে দিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা বা ক্ষমা প্রদর্শন করা হয়েছে।

তবে মিয়ানমার সরকারের এ দাবির সঙ্গে বাস্তব চিত্রের অনেক ফারাক রয়েছে বলে মনে করে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের তথ্যমতে, অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে এবং দেশজুড়ে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার গভীর অস্থিরতার মধ্যে পড়ে। সেই ক্ষমতা দখলের জেরে শুরু হওয়া গৃহযুদ্ধে জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ।

সূত্র: রয়টার্স

/এমএকে/