শিরোনাম

এশিয়ার সাবেক শীর্ষ ধনীর যাবজ্জীবন কারাদণ্ড

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এশিয়ার সাবেক শীর্ষ ধনীর যাবজ্জীবন কারাদণ্ড
আদালতে চীনের অন্যতম বৃহৎ আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ান। ছবি: সিনহুয়া

চীনের আলোচিত আবাসন ব্যবসায়ী ও এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে জালিয়াতিসহ একাধিক অপরাধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ডের পাশাপাশি শেনঝেনের ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তার ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিশাল অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছে তার গড়ে তোলা প্রতিষ্ঠানও।

দীর্ঘ তদন্তের পর এপ্রিলে নিজের বিরুদ্ধে ওঠা অন্তত ৮টি গুরুতর অপরাধের কথা স্বীকার করেন ৬৭ বছর বয়সী এ ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোম্পানির অর্থ আত্মসাৎ, ভুয়া তহবিল গঠন, বেআইনি ঋণ প্রদান, আমানত জালিয়াতি ও ঘুষ লেনদেনের মতো অভিযোগ প্রমাণিত হয়েছে। শেনঝেন আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সুপরিকল্পিতভাবে এভারগ্র্যান্ডের সম্পদ বাড়িয়ে দেখানো হয়েছিল। আড়াল করা হয়েছিল ঋণের বড় অংশ। এ নজিরবিহীন অনিয়ম চীনের বাজারব্যবস্থা ও সার্বিক অর্থনীতিতে মারাত্মক আঘাত হেনেছে।

আদালতের দেওয়া রায় অনুযায়ী, এ জালিয়াতির খেসারত হিসেবে এভারগ্র্যান্ড গ্রুপকে ৮.৮ বিলিয়ন ইউয়ান এবং এর আবাসন শাখাকে আলাদাভাবে ৭ বিলিয়ন ইউয়ান জরিমানা গুনতে হবে। শুধু হুই কা ইয়ানই নন, এ বিশাল আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মেলায় কোম্পানির ৫০ জনেরও বেশি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে ঋণের ওপর নির্ভর করে অস্বাভাবিকভাবে ব্যবসা বাড়ানোর প্রবণতাই শেষ পর্যন্ত এভারগ্র্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রায় ৩০০ বিলিয়ন ডলারের পাহাড়সম দেনা শোধে ব্যর্থ হলে কোম্পানিটির পতন হয়। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালে চীন সরকার আবাসন খাতে ঋণ নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করলে পুরো খাতটিতেই বড় ধরনের ধস নামে।

সূত্র: রয়টার্স

/এমএকে/