মিয়ানমার পৌঁছেছে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ১৫০০ শরণার্থী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মিয়ানমার পৌঁছেছে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ১৫০০ শরণার্থী
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো দেড় হাজার নাগরিক মিয়ানমার পৌঁছেছে

জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকার সংস্থাগুলোর তীব্র আপত্তি ও সতর্কতা সত্ত্বেও মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো প্রায় ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিক ইয়াঙ্গুনে পৌঁছেছেন। রবিবার (৪ অক্টোবর) ভোরে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এবং একটি চিকিৎসা জাহাজে করে তাদের নিয়ে আসা হয়। মিয়ানমারে চলমান সহিংসতা ও সংঘাতময় পরিস্থিতির মধ্যে এ বিপুল সংখ্যক মানুষকে ফেরত পাঠানোয় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, অবৈধ প্রবেশ ও অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে সাজাভোগ শেষে এ নাগরিকদের দেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৮৬ জন নারী রয়েছেন। দেশটির আঞ্চলিক মন্ত্রী নে লিন তুন রবিবার ভোরে তাদের ইয়াঙ্গুন পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে ফেরত পাঠানোর পরিকল্পনায় থাকা ৫ হাজার মিয়ানমার নাগরিকের মধ্যে তারা প্রথম দল। বর্তমানে মালয়েশিয়ার অভিবাসন কেন্দ্রে আরও ১০ হাজার ৩৮৮ জন নাগরিক আটকে আছেন।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে, মালয়েশিয়া সরকার ‘নন-রিফুলেমেন্ট’ বা ‘প্রত্যাবাসন না করার’ নীতি সমুন্নত রাখতে এবং এমন পরিস্থিতিতে ব্যক্তিদের ফেরত পাঠানো প্রতিরোধ করতে বাধ্য, যেখানে তারা নিপীড়ন, নির্যাতন বা অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত ঝুঁকির সম্মুখীন হন। তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের ঝুঁকি যথেষ্ট বেশি।’

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের নিপীড়িত ও নাগরিকত্বহীন সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী ছিল কি না, তা স্পষ্ট নয়। তবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হান উইন অং বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ফেরত আসা ব্যক্তিরা মিয়ানমারের প্রকৃত নাগরিক।

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ২ লাখ ১৫ হাজার ৬০০ জন নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থী আছেন, এর মধ্যে ১ লাখ ২৬ হাজার জনই রোহিঙ্গা। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় এ জনগোষ্ঠীকে আশ্রয় দিলেও মালয়েশিয়া জাতিসংঘের শরণার্থী কনভেনশনে সই করেনি। ফলে সে দেশে শরণার্থীদের নথিবিহীন অভিবাসী হিসেবে দেখা হয়। এ শরণার্থী ও অভিবাসন সংকট নিয়ে আলোচনার উদ্দেশ্যে চলতি মাসেই মিয়ানমারের রাষ্ট্রপতি মিন অং হ্লাইংয়ের মালয়েশিয়া সফরের কথা রয়েছে।

সূত্র: এপি

/এমএকে/