রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩৩

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩৩
পশ্চিম রাখাইন রাজ্যের কিয়াউকতাও-এর একটি বাজার ও সংলগ্ন সেতুতে সামরিক বিমান হামলার পর একটি আবাসিক এলাকায় লাগা আগুন থেকে ধোঁয়া উড়ছে

বাংলাদেশ সীমান্তঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে এক বাজারের কাছে সেনাবাহিনীরবিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাখাইনের নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, রাখাইনের কিয়াকতাও শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

কিয়াকতাওয়ের বাজারে দায়িত্ব পালনরত একটি দাতব্য সংস্থার প্রধান ও স্থানীয় ত্রাণকর্মী ওয়েই হুন অং এ প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালে অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে চলছে সংঘর্ষ। আরাকান আর্মিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠী দেশজুড়ে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

কিয়াকতাও শহরের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে ত্রাণকর্মী ওয়েই হুন অং বলেন, এ এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে অবস্থিত এবং চলমান সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় হতাহতের এ তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। হামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মিয়ানমার সরকারের মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরাকান আর্মি ও ওয়েই হুন অং বলেছেন, গত বছরের ডিসেম্বরে রাখাইনের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটে। আর সেই ভয়াবহ ঘটনার পর কিয়াকতাওয়ের এ হামলাটিই রাখাইনে ঘটা সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী।

সূত্র: রয়টার্স

/এমএকে/