রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে নিজের দেশের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। বিদেশে দায়িত্ব পালন করার সময় একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ শুরু করেন বলে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, বিদেশে কাজ করার সময় একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নিজেদের হয়ে কাজ করতে রাজি করান। এরপর তিনি দেশে ফিরে ওই সংস্থার কথামতো একশটিরও বেশি গোয়েন্দা প্রতিবেদন পাঠান। এর মধ্যে ৩৫টি তথ্যকে রাষ্ট্রীয় গোপন বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তথ্য পাচারের বিনিময়ে তিনি ১০ লাখ ইউয়ানের বেশি টাকা পেয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা-সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তার সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন।

তবে ওই কর্মকর্তা কোন সরকারি দপ্তরে কাজ করতেন, কোন দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন এবং কবে তাকে গ্রেপ্তার বা সাজা দেওয়া হয়েছে, সেসব তথ্য প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। রয়টার্স জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সূত্র থেকে পাওয়া এসব তথ্য তারা আলাদাভাবে যাচাই করতে পারেনি।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার বিপদ নিয়ে সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বাড়িয়েছে চীনের নিরাপত্তা সংস্থাগুলো। অর্থের লোভ, ব্যক্তিগত সম্পর্ক কিংবা ভয়ভীতি দেখিয়ে কর্মকর্তাদের দিয়ে কীভাবে গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/