শিরোনাম

ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পর্যবেক্ষণে ফেডারেল রিজার্ভ

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পর্যবেক্ষণে ফেডারেল রিজার্ভ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি ও মুদ্রাস্ফীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সংস্থাটির চেয়ারম্যান জেরোমি পাওয়েল জানিয়েছেন, পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত নীতিগত সিদ্ধান্তে তাড়াহুড়া করা হবে না।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক সামষ্টিক অর্থনীতি বিষয়ক ক্লাসে বক্তব্য দিতে গিয়ে পাওয়েল বলেন, বর্তমান নীতিগত অবস্থান এমন জায়গায় রয়েছে, যেখানে তাৎক্ষণিক পরিবর্তন না এনে পরিস্থিতির বিকাশ পর্যবেক্ষণ করা সম্ভব।

তার ভাষায়, 'আমাদের নীতিমালা এমন অবস্থানে আছে যে আমরা এর ফলাফল কী হয়, তা দেখার জন্য অপেক্ষা করতে পারি।'

তিনি আরও উল্লেখ করেন, নীতিনির্ধারকেরা সাধারণত তেলের দামের মতো আকস্মিক উত্থানকে স্বল্পমেয়াদি ধাক্কা হিসেবে বিবেচনা করেন এবং তা সরাসরি নীতিনির্ধারণে প্রতিফলিত করেন না।

ইরানকে ঘিরে সংঘাত দ্বিতীয় মাসে গড়ানোর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। দেশটিতে পেট্রোলের গড় মূল্য প্রতি গ্যালন প্রায় ৪ ডলারে পৌঁছেছে। এতে করে ফেডারেল রিজার্ভের দুই প্রধান লক্ষ্য—পূর্ণ কর্মসংস্থান ও মূল্য স্থিতিশীলতা—এর মধ্যে ভারসাম্য রক্ষা নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে।

পাওয়েল বলেন, স্বল্পমেয়াদের বাইরে মুদ্রাস্ফীতির প্রত্যাশা এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হলে নীতিগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, 'এখনই আমরা কোনো কঠিন সিদ্ধান্তের মুখে নেই, কারণ এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব কী হবে, তা এখনো পরিষ্কার নয়। তবে যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই তা নেওয়া হবে।'

সূত্র: আল জাজিরা

/এমআর/