শিরোনাম

টয়লেটে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি

বিশেষ প্রতিনিধি
টয়লেটে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। ছবি: সংগৃহীত

টয়লেটে পড়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। পরে তাকে ঢাকার জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

আজ (৩০ মার্চ) সোমবার সকালে তার সরকারি বাংলোতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাজমুল ইসলাম সিটিজেন জার্নালকে জানান, আহত এসপিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সিরাজুল ইসলাম জানান, সোমবার সকালে এসপি তার বাংলো থেকে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টয়লেটে অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে বাসার লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।

তিনি আরও বলেন, এসপির স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন। তিনি নিয়মিত বাংলো থেকে অফিসে যাতায়াত করেন। আজও প্রতিদিনের মতো অফিসে যাওয়ার প্রস্তুতির সময়ই এই দুর্ঘটনা ঘটে। দুপুর প্রায় দুইটার দিকে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয় এবং পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

/এমআর/