গ্রান্ড ফিনালের ১ ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
গ্রান্ড ফিনালের ১ ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি
সামিরা খান মাহি

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে অনেকটা হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে বাংলাদেশি সুন্দরী সামিরা খান মাহির। বিজয়ীর মুকুট জিতেছেন ল্যাটিন আমেরিকার দেশ পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। তবে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় ১ ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি। কিন্তু মিস ইউনিভার্সের পিপলস চয়েজ ভোটে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হলো তার।

এবারের প্রতিযোগিতায় দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে বিজয়ী প্রতিযোগী সরাসরি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পান। মাহির সেখানে বড় সুযোগ ছিল।

তবে সরাসরি সেমিফাইনালে যাওয়ার সুযোগ হারিয়েছেন তিনি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগে ভোটের হিসাবে এগিয়েও ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি। ভোটের লড়াইয়ে তাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ইকুয়েডরের সুন্দরী দালিয়া বুকারাম।

দর্শক ভোটে জয়ী হওয়ায় সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।

সেরা ৩০ প্রতিযোগী অংশ নেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে সেরা ১২ জনকে বাছাই করা হয়। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স ২০২৬’ মুকুট জিতেছেন জেনিফার ব্যারেটো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়।

এবারের আসরে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নেন। চূড়ান্ত পর্বে সব ধাপ পেরিয়ে সেরার মুকুট নিজের করে নেন ২৭ বছর বয়সী জেনিফার। আসরের বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় মুকুট পরিয়ে দেন।

/জেএইচ/