যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের ফলক উন্মোচন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের ফলক উন্মোচন
মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের এ সড়কটির ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দূতাবাস জানায়, ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে সড়কটির নামকরণের প্রস্তাব তোলেন অল্ডারম্যান গিলবার্ট ভিগেস। পরবর্তীতে কাউন্সিলের সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস করেন।

রবিবারের ফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এবং অল্ডারম্যান গিলবার্ট ভিগেস উপস্থিত ছিলেন। এ ছাড়া এ উদ্যোগের মূল উদ্যোক্তা ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সড়কটির অবস্থান শিকাগোর ঐতিহাসিক উইলিস টাওয়ারের ঠিক পাশেই। সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ১১০ তলা এ সুউচ্চ ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ আর খান)। একসময়ের বিশ্বের সর্বোচ্চ এই ভবনটির পাশেই এখন স্থান পেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নামের ফলক।

সড়কটির নামকরণের প্রস্তাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও রাজনৈতিক অবদানের কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটে জয়ী হওয়ার বিরল রেকর্ডকে এ সম্মাননার পেছনে মূল বিবেচনা হিসেবে ধরা হয়েছে। এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অন্য একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

/এমএকে/