যোগদানের এক সপ্তাহের মধ্যে বরখাস্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যোগদানের এক সপ্তাহের মধ্যে বরখাস্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব
কেটি জাকারিয়া

যোগদানের এক সপ্তাহের মধ্যেই চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সচিব কেটি জাকারিয়া। শুরুতেই নানা বিতর্কের মুখে পড়েন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জাকারিয়াকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। কর্মক্ষেত্রে আইনি যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা এবং প্রথম সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারে আশানুরূপ পারফর্ম করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি। ট্রাম্প যখন নিজের প্রশাসনের সাফল্য তুলে ধরে রিপাবলিকানদের কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া, ঠিক তখনই এ খবর সামনে এলো। শুক্রবার হোয়াইট হাউস ত্যাগের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রথম দিনগুলোতেই সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়ে তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি তাকে বলেছি, আমার মনে হয় সুখী থাকাই তোমার জন্য ভালো; এবং এইসবের মধ্যে তুমি কখনো সুখী হতে পারবে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। এইসবের মধ্যে সহজ কিছু নেই। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি তাকে বলেছিলাম আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম... ভেবে দেখতাম।

সোমবার যোগ দেওয়ার পর মঙ্গলবার হোয়াইট হাউসে নিজের প্রথম ব্রিফিং দেন জাকারিয়া। তিনি জানান, ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হতে ৭ অক্টোবর তিনি প্রস্তাব পান। তবে কাজ শুরুর পরপরই তার শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা নিয়ে বিতর্ক শুরু হয়। ট্রাম্প তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিলেও তিনি আইনজীবী হিসেবে নিবন্ধিত ছিলেন কি না তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। বুধবার এক ইমেইল বার্তায় জাকারিয়া দাবি করেন, আমি যথাযথ সকল যোগ্যতাসহ আন্তর্জাতিক লেনদেন আইন নিয়ে কাজ করেছি।

বরখাস্তের বিষয়ে হোয়াইট হাউস বা জাকারিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার সকালেও তিনি হোয়াইট হাউসের সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১০ দিনের জন্য যোগাযোগ পরিচালক থাকা অ্যান্থনি স্কারামুচি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। কিন্তু অন্যের কষ্টে আমি কোনো আনন্দ পাই না।

সূত্র: রয়টার্স

/এমএকে/