শিরোনাম

মাঝ আকাশে শিশুর জন্ম, জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি

সিটিজেন ডেস্ক
মাঝ আকাশে শিশুর জন্ম, জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি
ছবি: এপি

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে ওরেগনগামী ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলেন যাত্রীরা। গত শুক্রবার (২৪ এপ্রিল) উড়োজাহাজটি অবতরণের ঠিক ২০ মিনিট আগে মাঝ আকাশেই এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন টেনেসি নিবাসী যাত্রী অ্যাশলি ব্লেয়ার। ৫.৫ পাউন্ড ওজনের এ নবজাতকের নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনি ব্লেয়ার।

নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে উড়োজাহাজে থাকা দুই প্যারামেডিক টিনা ফ্রিটজ ও কারিন পাওয়েল তৎক্ষণাৎ সহায়তায় এগিয়ে আসেন। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় পরিস্থিতি সামাল দিতে তারা এক উদ্ভাবনী কৌশল অবলম্বন করেন। সহযাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করার পাশাপাশি তারা জুতার ফিতা ব্যবহার করে নবজাতকের নাড়ি বাঁধেন।

বোয়িং-৭৩৭ মডেলের ওই উড়োজাহাজে তখন ১৫৩ জন যাত্রী ছিলেন, শিশুটির জন্মের পর যা ১৫৪তে পৌঁছায়। প্রসবের সময় নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে আশপাশের যাত্রীদের সরিয়ে জায়গা খালি করে দেওয়া হয়। অবতরণের প্রস্তুতি চলার মাঝেই সফলভাবে জন্ম হয় শিশুটির। পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নামার পর বিমানবন্দর ফায়ার অ্যান্ড রেসকিউ টিম মা ও শিশুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে যাত্রী ও ক্রুদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছে। এই রোমাঞ্চকর অভিজ্ঞতার পর প্যারামেডিক টিনা ফ্রিটজ আবেগাপ্লুত হয়ে জানান, আমার মনে হচ্ছে আমরা এখন চিরকালের জন্য বন্ধু হয়ে গেলাম।

সূত্র: সিএনএন

/এমএকে/