শিরোনাম

নিজেদের গুলিতে ২ বিএসএফ নিহত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
নিজেদের গুলিতে ২ বিএসএফ নিহত
সীমান্তে পাহারায় এক বিএসএফ জওয়ান। ছবি: এনডিটিভি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরে এক বিএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে তারই দুই সহকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১তম ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএসএফ সূত্র জানায়, অভিযুক্ত বিএসএফ জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। ক্যাম্পে ঢুকে সহকর্মীদের লক্ষ্য করে হঠাৎ গুলি চালানো শুরু করলে ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার অজয় কুমার সিং (৫১) এবং মহারাষ্ট্রের গড়চিরোলির আম্বাদার সুরেশ দারগু (৩৭ বছর)। আহত বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। ঘটনার পর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

জানা যায়, অভিযুক্ত জওয়ান এক বছর আগেও সহকর্মীদের ওপর গুলি চালানোর জন্য বিএসএফ আইনে শাস্তি পেয়েছিলেন। সেই শাস্তির মেয়াদ কিছুদিন আগে শেষ হয়।

ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকে আলাদাভাবে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, সাজা শেষ হওয়ার পর অভিযুক্তকে বাড়ি পাঠানোর প্রস্তুতি চলছিল। সেই আয়োজনের মধ্যেই ঘটনাটি ঘটে, যা বৈষ্ণবনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/