যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের নতুন সতর্কবার্তা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের নতুন সতর্কবার্তা
ছবি: সিটিজেন জার্নাল

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আবারও সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হবে। এমনকি এই ভুলের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে অযোগ্য বা নিষিদ্ধ হতে পারেন।

শনিবার (৭ নভেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভিসা সম্পর্কে মনে রাখুন, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। আপনি ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।

দূতাবাসের পক্ষ থেকে ভ্রমণকারীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। ভ্রমণের পরিকল্পনা করার আগে তাই নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবরের এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছিল, ভ্রমণকারীদের অবশ্যই তাদের পাসপোর্টের ‘অ্যাডমিট আনটিল ডেট’ বা অনুমোদিত শেষ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে আসতে হবে। নিজের নির্দিষ্ট সময়সীমা যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

এছাড়া গত ২৮ অক্টোবরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় কেবল ব্যবসায়িক বৈঠক, সভা কিংবা চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা কোনো ধরনের কাজ করতে চাইলে সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হয়।

২৪ অক্টোবর অপর এক সতর্কবার্তায় বলা হয়, আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে। এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।

তাই যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা থাকলে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

/জেএইচ/