শিরোনাম

ওয়াশিংটনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট গুরুতর আহত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ওয়াশিংটনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট গুরুতর আহত
মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর ধোঁয়া উড়তে দেখা যায়।

নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৪ জুন) সিয়াটল থেকে প্রায় ১২৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ফাইটার জেটটিতে ভয়াবহ আগুন ধরে যায়।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুরে ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয় শেরিফ কর্মকর্তারা তাকে উদ্ধার করেন। নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রিমরক লেকের কাছে হওয়া দুর্ঘটনায় পাইলট মারাত্মক চোট পেয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ইয়াকিমা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি হাসপাতালে গিয়ে পাইলটের খোঁজখবর নিয়েছেন।

এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ইউএস ফরেস্ট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস। বেয়ার ক্রিক কেবিনের মতো নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় ফায়ার সার্ভিস কর্মীরা বিশেষ নজর রাখছেন। আগুন পুরোপুরি নেভানোর জন্য দুর্ঘটনাস্থলে একটি ওয়াটার টেন্ডার মোতায়েন করা হয়েছে এবং রবিবার দিনভর এ কাজ সচল রাখা হবে।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্তের নিরপেক্ষতা ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এ মুহূর্তে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

সূত্র: এনবিসি নিউজ

/এমএকে/