শিরোনাম

বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার চলা এই বিক্ষোভ থেকে ৯০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বুধবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিক্ষোভ বেশিরভাগই শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি এলাকায় সহিংসতা, লুটপাট ও গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।

পুলিশের উপ-জাতীয় কমিশনার টেবেলো মোসিকিলি জানান, দেশজুড়ে মোট ১২০টি মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ১২টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে অবস্থান, জনসাধারণের মধ্যে সহিংসতা সৃষ্টি, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

ওয়েস্টার্ন কেপ থেকে সর্বোচ্চ ২১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরেই রয়েছে ইস্টার্ন কেপ। সেখান থেকে ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচটি প্রদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোহানেসবার্গের অভ্যন্তরীণ শহরাঞ্চল হিলব্রো এলাকায় সেনা সদস্যও মোতায়েন করা হয়। সেখানে গুলির ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

অন্যদিকে, বন্দরনগরী ডারবানে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বিক্ষোভ শুরুর আগের রাতে নিজেকে হামলার লক্ষ্যবস্তু মনে করে তিনি একটি বহুতল ভবনের অষ্টম তলা থেকে লাফ দেন বলে ধারণা করা হচ্ছে।

একটি অভিবাসীবিরোধী আন্দোলনের নির্ধারিত ‘ডেডলাইন’ উপলক্ষে মঙ্গলবারের বিক্ষোভের আয়োজন করা হয়। ওই আন্দোলন অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। গত কয়েক মাস ধরে দেশটিতে অভিবাসীবিরোধী উত্তেজনা বাড়ছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

/জেএইচ/