শিরোনাম

‘বিতর্কের বিপিএল’ আয়োজনে আগ্রহ নেই বিসিবির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘বিতর্কের বিপিএল’ আয়োজনে আগ্রহ নেই বিসিবির
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্ক আর সমালোচনার সৃষ্টি হয়েছে। স্পট ফিক্সিং থেকে শুরু করে খেলোয়াড়দের পাওনা দিতে না পারা- এসব ইস্যু যেনো প্রত্যেক আসরের নিত্য সঙ্গী। এজন্য তামিম ইকবালের বর্তমান বোর্ড আর বিপিএলের আয়োজন করতে চাইছে না।

বিসিবির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিপিএলের প্রত্যেক আসরে কোনো না কোনো সমস্যা হয়েছে। এজন্য টুর্নামেন্টের আয়োজন না করার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ পরিচালক। তারা দেশের জন্য দুর্নাম কুড়িয়ে আনছে এমন টুর্নামেন্ট চান না। নতুন করে টুর্নামেন্টটি হলেও অতীতের প্রবলেম দূর করে তারপর আয়োজন করবে। এর আগ পর্যন্ত টুর্নামেন্টটি আর না-ও হতে পারে। বিপিএলের পরবর্তী আসর হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে।

স্পট ফিক্সিংয় থেকে শুরু করে দেশি-বিদেশি খেলোয়াড়দের বকেয়া পাওনা না দেওয়া, ফ্র্যাঞ্চাইজিগুলোর অপেশাদার আচরণ এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির টানাপোড়েন– সব মিলিয়ে বিপিএলের দুর্নাম ছড়িয়ে পড়েছে ক্রিকেটবিশ্বে। অনেকের কাছে এটি ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট’ হিসেবে চিহ্নিত হয়ে গেছে।

এর আগে ২০২৪ সালে বিপিএলের আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। তদন্তে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে প্রধান করে গঠিত কমিটির রিপোর্টেও বেশ কিছু সমস্যা উল্লেখ করে সুপারিশ করা হয়েছে, পরবর্তী আসর আয়োজনের আগে যেন সব সমস্যা দূর করা হয়। তবে সেটা না করেই গত বিপিএল আয়োজন করা হয়।

বিসিবি এখন বিতর্কিত এই টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না। তারা দুটি বিষয় চিন্তাভাবনা করছে। প্রথমত, এবারের বিপিএল স্থগিত রেখে ভালো ফ্র্যাঞ্চাইজিদের এনে ও বিরাজমান সমস্যা দূর করে আগামীবার থেকে নতুনভাবে শুরু করা। খেলোয়াড়েরা যেন আর্থিকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য প্রয়োজনে বিপিএলের সময়ে অন্য কোনো ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা।

অথবা, ভবিষ্যতে নতুন নামে নতুনভাবে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করা। সেক্ষেত্রে এ বছর বিপিএল হবে না। নতুন টুর্নামেন্টটিকে ভালোভাবে শুরু করতে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় নিতে পারে বিসিবি। আজ বিসিবির টুর্নামেন্ট কমিটির সমন্বয় সভায় এ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, ‘বিপিএলে খেলোয়াড়দের ঠিকমতো টাকা দিতে পারে না ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। এসব দায় ক্রিকেট বোর্ডের কাঁধে ফেলে চলে যায়। আবার টিভি স্বত্ব বিক্রি করে যে টাকা আসে, তার প্রায় পুরোটাই চলে যায় প্রোডাকশন কস্টে। এতে লাভ তো হয়-ই না, বরং দেশের জন্য দুর্নাম বয়ে আনছে।’

তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা বিপিএল হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি জানান, আমরা ভালো ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করবো। না পারলে তখন হয়তো একটা আসর আয়োজন বাদ দেবো। ভবিষ্যতে ‘বিপিএল’-এর নাম বদলের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি।

/জেএইচ/