শিরোনাম

চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা, মামলার পর দাবি ৫০ লাখ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা, মামলার পর দাবি ৫০ লাখ
হাটহাজারী মডেল থানা

চট্টগ্রামে চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। নিরাপত্তাহীনতার কারণে শ্রমিকরাও কাজে ফিরতে রাজি না হওয়ায় ভবনটির নির্মাণকাজ কার্যত বন্ধ হয়ে গেছে।

রবিবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভবনটির মালিক মো. জসিম উদ্দিন, যিনি হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় চাল ও চিনির পাইকারি ব্যবসা করেন। সম্প্রতি তিনি নিজের ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু করেছিলেন।

ঘটনার পর রবিবার রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন জসিম উদ্দিন।

সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, এর আগে দুর্বৃত্তরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। তিনি সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তার দাবি, হামলার পর রাতেই অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার হুমকি দেয়। পরে মামলা দায়ের করার পর আবারও ফোন করে এবার ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই টাকা না দিলে আরও বড় ধরনের হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জসিম উদ্দিন জানান, ঘটনার পর থেকেই নির্মাণশ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সকালেও তাদের কাজে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও কেউ ফিরে আসতে রাজি হননি। হামলার আগে প্রতিদিন ভবনটিতে ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করতেন।

তিনি আরও বলেন, মামলা হওয়ার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, চাঁদা দাবি, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।

তিনি জানান, ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। ফলে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

/এমআর/