শিরোনাম

নির্বাচিত হওয়ার পরদিনই পদ ছাড়লেন বিসিবি পরিচালক

সিটিজেন স্পোর্টস ডেস্ক
নির্বাচিত হওয়ার পরদিনই পদ ছাড়লেন বিসিবি পরিচালক
মীর শাকরুল আলম সীমান্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মাত্র এক দিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দেন। একাধিক বিসিবি পরিচালক ইতোমধ্যেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে মীর শাকরুল আলম সীমান্ত ক্রিকেট বোর্ড থেকে সরে দাঁড়ানোর পেছনে মূল কারণ হিসেবে পারিবারিক ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র। পিতা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা-বাণিজ্যের মূল নীতিগত ও পরিচালনাগত দায়িত্ব তার ওপর ন্যস্ত হয়েছে। ফলে বিসিবির মতো একটি জাতীয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব সূচারুভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না বলেই তিনি মনে করছেন।

সীমান্ত তার পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, অত্যন্ত দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থ ও কাজের গতিশীলতা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দ্রুত সময়ের মধ্যে তার পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য বিসিবি সভাপতির প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে মীর শাকরুল আলম সীমান্ত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের আগেই তিনি এ দায়িত্ব পালন না করার ব্যাপারে তার ব্যক্তিগত ইচ্ছার কথা বোর্ড সংশ্লিষ্টদের জানিয়েছিলেন। অবশেষে আনুষ্ঠানিক ভোটগ্রহণের পরদিনই তিনি পদ থেকে ইস্তফা দিলেন।

/এমএকে/