শিরোনাম

বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ছবি: সিটিজেন জার্নাল

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

রবিবার (৭ জুন) থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী ও কক্সবাজারসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, গভীর সাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার বিষয়ে স্থানীয়দের মধ্যে সতর্কতা বেড়েছে। সাগর তীরবর্তী এলাকাগুলোয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এফসি/