ভারতীয়দের জন্য ভিসা ছাড়া প্রবেশ বন্ধ করছে মালয়েশিয়া

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভারতীয়দের জন্য ভিসা ছাড়া প্রবেশ বন্ধ করছে মালয়েশিয়া
মালয়েশিয়া। কোলাজ: সিটিজেন জার্নাল

ভারতের নাগরিকেরা মালয়েশিয়ায় ভিসা ছাড়া প্রবেশের সুবিধা হারাচ্ছেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দেশটিতে যেতে হলে ভারতীয় পাসপোর্টধারীদের অগ্রিম ভিসা নিতে হবে।

গত ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এতে বলা হয়, নতুন বছরের প্রথম দিন থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা অব্যাহতির সুবিধা আর কার্যকর থাকবে না।

নতুন নিয়ম কার্যকরের আগের দিন থেকে অর্থাৎ আগামী ১ ডিসেম্বর থেকে ভারতীয়রা অনলাইনে মালয়েশিয়ার ভিসার আবেদন করতে পারবেন। এজন্য দেশটির ‘মাইভিসা’ পোর্টাল ব্যবহার করতে হবে।

ভিসা আবেদনে নতুন নিয়ম

ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়া। কোনো আবেদন ‘নিউ অ্যাপ্লিকেশন’ বা ‘পেন্ডিং পেমেন্ট’ অবস্থায় ৭ কর্মদিবসের বেশি থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গত ১ অক্টোবর থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।

এই পরিবর্তনগুলো মালয়েশিয়ার নতুন ভিসা আবেদন নীতি বাস্তবায়নের অংশ। আবেদনকারীদের সংশোধিত শর্তাবলীগুলো জেনে নেওয়ার জন্য অনুরোধ করেছে অভিবাসন বিভাগ।

কারও ভিসা আবেদন বাতিল হলে নতুন ফরম ব্যবহার করে আবার আবেদন করতে হবে। তবে দেশটির অভিবাসন বিভাগ সতর্ক করেছে, আবেদন অনুমোদিত বা প্রত্যাখ্যাত যাই হোক না কেন, ভিসা প্রক্রিয়াকরণ ফি ফেরতযোগ্য নয়। নীতি পরিবর্তন বা ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তনের ক্ষেত্রেও এই ফি ফেরত দেওয়া হবে না।

এতে আরও বলা হয়েছে, মালয়েশীয় সরকার কর্তৃক জারি করা নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় শর্তাবলী সংশোধন করার অধিকার তারা সংরক্ষণ করে।

মালয়েশিয়ার ভিসা নিয়মে অন্যান্য পরিবর্তন

মালয়েশিয়ার ভিসা নীতিতে একাধিক পরিবর্তনের পর এই সর্বশেষ ঘোষণাটি এসেছে। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩১টি দেশের নাগরিকদের জন্য একাধিকবার প্রবেশের ভিসা (মাল্টিপল এন্ট্রি ভিসা) সীমিত করে মালয়েশিয়া।

এই ভিসাগুলো এখন শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য সীমাবদ্ধ। যার মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, বিবাহ পর্যটন এবং ফ্লাই-অ্যান্ড-ক্রুজ ভ্রমণ।

এর পাশাপাশি মালয়েশিয়া বিদেশি পর্যটকদের তাদের অবস্থানের সম্পূর্ণ সময়কালের জন্য ভ্রমণ চিকিৎসা বীমা করিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। ১৬ নভেম্বরের এক ঘোষণায় অভিবাসন বিভাগ জানিয়েছে, অনাবাসীদের দেশে প্রাপ্ত চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্যসেবার খরচ বহন করতে হবে।

এছাড়াও মালয়েশিয়ার ভিসা আবেদনের সহায়ক নথি হিসেবে ‘মাইট্রিপপাস’-এর সুপারিশ করা হয়েছে। এটি একটি ইনবাউন্ড ট্র্যাভেল প্ল্যাটফর্ম, যা চিকিৎসা বীমা ও জরুরি সহায়তা প্রদান করে। যে ভ্রমণকারীরা এই কভারেজটি ক্রয় করেন, তাদের তাৎক্ষণিকভাবে একটি ডিজিটাল বীমা সনদপত্র প্রদান করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/