চিকিৎসা খরচ বেশি নিলেও নির্মাণবিধি মানছে না বাংলাদেশ আই হাসপাতাল

চিকিৎসা খরচ বেশি নিলেও নির্মাণবিধি মানছে না বাংলাদেশ আই হাসপাতাল
অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহার সনদ না নিয়েই কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আই হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি: রাকিবুল ইসলাম

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের ৭১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত বাংলাদেশ আই হাসপাতাল। ১০ শয্যাবিশিষ্ট ক্লিনিক হিসেবে ২০১৬ সালে রাজউকের অনুমোদন নিলেও বিশাল হাসপাতালের কার্যক্রম চালানো হচ্ছে এখানে। দেশের সবচেয়ে ব্যয়বহুল এ চক্ষু হাসপাতালের ভবনের জন্য নেওয়া হয়নি অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহার সনদ। মানা হয়নি অনুমোদিত নকশা। ব্যত্যয় ঘটানো হয়েছে সেটব্যাকের। নকশাবহির্ভূত এক্সটেনশন ব্যবহার করে পাশের ভবনের সঙ্গে স্থাপন করা হয়েছে সংযোগ। শুধু ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রেই নয়, অগ্নিনিরাপত্তার গুরুত্বপূর্ণ কারিগরি ব্যবস্থায়ও রয়েছে গুরুতর ঘাটতি। ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও ফায়ার হাইড্রেন্ট নেই। ইমারত আইনের ব্যত্যয়ের বিষয়টি সরকারি একটি সংস্থার তদন্তে উঠে এসেছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, রেগুলেটরি বডির দুর্নীতির কারণে এই ধরনের অনিয়ম করে সহজেই পার পেয়ে যাচ্ছে হাসপাতালটি।

সরেজমিন দেখা যায়, ১০ তলা ভবনটিতে হাসপাতালের কার্যক্রম চলছে। ভবনটির সপ্তম তলার সঙ্গে পাশের ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের ভবনের সংযোগ স্থাপন করা হয়েছে। এই সংযোগের মাধ্যমে অনেক বড় অংশে হাসপাতালের বিস্তৃতি বাড়িয়েছে কর্তৃপক্ষ। অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে এক্সটেনশন ব্যবহারের বিষয়টি তদন্তেও উঠে এসেছে। ভবনের সেটব্যাকের জায়গা ফাঁকা রাখার কথা থাকলেও সেখানে চালানো হচ্ছে রেস্টুরেন্ট। অর্থাৎ ভবনের চারপাশে নিরাপত্তা ও প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখার যে বিধান রয়েছে, সেক্ষেত্রে আইন মানা হয়নি।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। কারণ আগুনের ঘটনা ঘটলে হাসপাতালের রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কঠিন। বিশেষ করে অপারেশন হওয়া, বয়স্ক ও চলাচলে অক্ষম রোগীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। কিন্তু বাংলাদেশ আই হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় একাধিক কারিগরি ত্রুটির তথ্য পেয়েছে সরকারি সংস্থাটি।

অনুমোদন ছাড়াই এক্সটেনশন ব্যবহার করে হাসপাতালটি সম্প্রসারণ করেছে কর্তৃপক্ষ। ছবি: রাকিবুল ইসলাম
অনুমোদন ছাড়াই এক্সটেনশন ব্যবহার করে হাসপাতালটি সম্প্রসারণ করেছে কর্তৃপক্ষ। ছবি: রাকিবুল ইসলাম

অনুসন্ধানে জানা গেছে, ভবনটিতে ফায়ার অ্যালার্ম স্থাপন করা হয়নি। নেই স্মোক ডিটেক্টর ও ফায়ার হাইড্রেন্ট্র। ফায়ার ডোরের সামনেও রয়েছে প্রতিবন্ধকতা। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আগাম সতর্কবার্তা পাওয়া, আগুন নিয়ন্ত্রণ এবং রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় অগ্নিনিরাপত্তার এসব মৌলিক ব্যবস্থার অনুপস্থিতি রোগী ও চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত সবার জন্য ঝুঁকিপূর্ণ।

হাসপাতালের ভেতরে রয়েছে রেস্টুরেন্ট। ছবি: রাকিবুল ইসলাম
হাসপাতালের ভেতরে রয়েছে রেস্টুরেন্ট। ছবি: রাকিবুল ইসলাম

ভবনটির পার্কিং ব্যবস্থায়ও অনুমোদিত নকশা অনুসরণ করা হয়নি। পার্কিংয়ের নির্ধারিত ব্যবস্থার সঙ্গে বাস্তব অবস্থার মিল নেই। গাড়ি ওঠানামার র্যাম্পের মানও সন্তোষজনক নয়। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাখা হয়নি আলাদা পার্কিংয়ের ব্যবস্থা।

মূল ভবনের সঙ্গে পাশের আরেকটি ভবন যুক্ত করার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল কোনো সাধারণ বাণিজ্যিক বা আবাসিক ভবন নয়। হাসপাতালের নকশা ও নির্মাণের ক্ষেত্রে রোগীর নিরাপত্তা, জরুরি বহির্গমন, অগ্নিনিরাপত্তা, বিশেষায়িত র্যাম্প এবং কাঠামোগত সক্ষমতার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। কারণ হাসপাতালের রোগীদের একটি বড় অংশ শারীরিকভাবে অসুস্থ ও চলাচলে অক্ষম। ফলে সাধারণ ভবনকে হাসপাতালে রূপান্তর করলেই তা হাসপাতাল হিসেবে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে না।

এই বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান সিটিজেন জার্নালকে বলেন, ‘একটি স্থাপনার জন্য রাজউক থেকে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার অর্থ হচ্ছে অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি তৈরি এবং বিল্ডিং কোড অনুসরণ করা হয়েছে। যারা স্থাপনা তৈরির পর অকুপেন্সি সার্টিফিকেট নেন না, তারা মূলত রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেননি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতাল একটি বিশেষায়িত জায়গা। এখানে নকশার ব্যত্যয় বা অকুপেন্সি সার্টিফিকেট না নেওয়ার মানে হচ্ছে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা। কিন্তু বাংলাদেশে প্রায়ই এগুলো হচ্ছে। অথচ উন্নত দেশগুলোতে এ বিষয়ে কড়া নিয়ম রয়েছে। তারা কোনো ধরনের আইন অমান্য করতে পারে না। কিন্তু আমাদের দেশে রেগুলেটরি বডির দুর্নীতির কারণে অনেকেই সহজেই পার পেয়ে যায়।’

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ আই হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সিওও) কাজী মেসবাউল আলমের ফোনে একাধিকবার কল হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি।

/এসএ/