ঢাকার রুফটপ রেস্টুরেন্ট! সৌন্দর্যের আড়ালে ভয়ংকর মৃত্যুফাঁদ

রাকিবুল ইসলাম
রাকিবুল ইসলাম
ঢাকার রুফটপ রেস্টুরেন্ট! সৌন্দর্যের আড়ালে ভয়ংকর মৃত্যুফাঁদ
ঢাকার রুফটপ রেস্টুরেন্ট যেন ভয়ংকর মৃত্যুফাঁদ। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

চোখধাঁধানো আলো, নান্দনিক সাজসজ্জা, খোলা আকাশের নিচে মুখরোচক সব খাবারের আয়োজন! কিন্তু হঠাৎ আগুন লাগলে প্রাণ নিয়ে বের হওয়ার পথ আছে তো? নাকি আনন্দের এই আয়োজন মুহূর্তেই পরিণত হতে পারে মৃত্যুফাঁদে?

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৪৬ জন। সেই ট্র্যাজেডি আজও মনে করিয়ে দেয়, অগ্নিনিরাপত্তায় অবহেলা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

কিন্তু এরপর আমরা কতটা সতর্ক হয়েছি? রাজধানীর বিভিন্ন এলাকার রুফটপ রেস্টুরেন্ট ঘুরে সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছে সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর ডটকম।

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে ১২ তলা ভবনে অবস্থিত দ্য ফরেস্ট লাউঞ্জ। ছবি: রাকিবুল ইসলাম
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে ১২ তলা ভবনে অবস্থিত দ্য ফরেস্ট লাউঞ্জ। ছবি: রাকিবুল ইসলাম

ধানমন্ডির সাতমসজিদ রোডে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট। এর মধ্যে একটি দ্য ফরেস্ট লাউঞ্জ। ভবনের ১২ তলায় এর অবস্থান। দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টের ওপরের অংশে যাওয়ার সিঁড়িটি সরু। সেখানে পর্যাপ্ত আলোরও অভাব দেখা গেছে। জরুরি পরিস্থিতিতে একসঙ্গে অনেক মানুষ বের হতে চাইলে ভিড় লেগে যেতে পারে, বাধাগ্রস্ত হতে পারে চলাচল।

রুফটপ রেস্টুরেন্ট দ্য ফরেস্ট লাউঞ্জের একটি অংশ। ছবি: রাকিবুল ইসলাম
রুফটপ রেস্টুরেন্ট দ্য ফরেস্ট লাউঞ্জের একটি অংশ। ছবি: রাকিবুল ইসলাম

এরপর অনুসন্ধানী দল যায় মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত সেগ্রেতো রুফটপ রেস্টুরেন্টে। সবুজ গাছপালা আর আকর্ষণীয় সাজসজ্জায় ঘেরা এই রেস্টুরেন্টের বিভিন্ন অংশে রয়েছে বাঁশ ও কাঠের মতো দাহ্য উপকরণ। সেখানে অগ্নিনির্বাপনের কোনো সরঞ্জাম চোখে পড়েনি।

মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত সেগ্রেতো রুফটপ রেস্টুরেন্ট। ছবি: রাকিবুল ইসলাম
মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত সেগ্রেতো রুফটপ রেস্টুরেন্ট। ছবি: রাকিবুল ইসলাম

ফার্মগেটের স্কাই রেস্টুরেন্টেও রয়েছে কাঠের সাজসজ্জা এবং তুলনামূলক সরু সিঁড়ি। অন্যদিকে, পল্টনের বার্ডস আই রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল এবং মিরপুরের স্কাই লাউঞ্জেও দাহ্য উপকরণের ব্যবহার ও জরুরি নির্গমনপথ নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজধানীর মিরপুরে রুফটপ রেস্টুরেন্ট স্কাই লাউঞ্জ। ছবি: রাকিবুল ইসলাম
রাজধানীর মিরপুরে রুফটপ রেস্টুরেন্ট স্কাই লাউঞ্জ। ছবি: রাকিবুল ইসলাম

বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে ১৭ তোলার ওপরে দ্য গ্রিন লাউঞ্জেরও একই হাল। রেস্টুরেন্টটিতে যেতে লিফটে ১৭ তলায় নামার পর সিঁড়ি দিয়ে আরও একতলা ওপরে উঠতে হয়। কাঁচের দরজা খুললেই থরে থরে সাজানো বাহারি খাবার। নানান সাজে সজ্জিত টেবিলগুলো দেখলে মন জুড়িয়ে যাবে যে কারও। কিন্তু এমন সাজানো-গোছানো রেস্টুরেন্টে জীবনের নিরপত্তা কতটুকু? রেস্টুরেন্টের রান্নাঘরটি প্রবেশ পথের দুই দিকেই। কোনোভাবে আগুন লাগলে ভেতরে থাকা মানুষ বের হবে কোন দিক দিয়ে?

বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে ১৭ তোলার ওপরে দ্য গ্রিন লাউঞ্জ। ছবি: রাকিবুল ইসলাম
বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে ১৭ তোলার ওপরে দ্য গ্রিন লাউঞ্জ। ছবি: রাকিবুল ইসলাম

গ্রিন লাউঞ্জের মতো প্রায় সব রেস্টুরেন্টেই প্রবেশ পথের পাশে রান্নাঘর। এসব রেস্টুরেন্টের কোনোটিতেই আগুন লাগলে বের হওয়ার সুব্যবস্থা রাখা হয়নি। আগুনের আঁচ বেশি হলে বা ধোঁয়ায় পথ ঢেকে গেলে অতিথিরা কী করবেন? ১৫ থেকে ২০ তলা বা এর চেয়ে উঁচু এই ভবনগুলোর ছাদে রুফটপ রেস্টুরেন্টের নামে গড়ে ওঠা মৃত্যুফাঁদ থেকে লাফ দিয়েও তো বাঁচার উপায় নেই।

রাজধানীর ফার্মগেটে অবস্থিত স্কাই রেস্টুরেন্ট। ছবি: রাকিবুল ইসলাম
রাজধানীর ফার্মগেটে অবস্থিত স্কাই রেস্টুরেন্ট। ছবি: রাকিবুল ইসলাম

স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে, এসব রুফটপ রেস্টুরেন্ট অনুমোদন পেলো কীভাবে?

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট ব্যবসার বিষয়টি দেখার দায়িত্ব সিটি কর্পোরেশনের। আর ভবনের অবৈধ অংশ অপসারণের দায়িত্ব রাজউকের।

তিনি বলেন, ধানমন্ডি এলাকায় অগ্নিকাণ্ডের পর বিভিন্ন রুফটপ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। এসব উচ্ছেদ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং তদারকিও চলছে। কোনো নির্দিষ্ট রেস্টুরেন্ট সম্পর্কে তথ্য রাজউককে জানালে সেখানে তদন্ত সাপেক্ষে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

দ্য ফরেস্ট লাউঞ্জের বারবিকিউ কর্নার। ছবি: রাকিবুল ইসলাম
দ্য ফরেস্ট লাউঞ্জের বারবিকিউ কর্নার। ছবি: রাকিবুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান এভাবে অনুমোদনহীন ও অবৈধ রুফটপ রেস্টুরেন্ট গড়ে ওঠার জন্য দায়ী করেছেন রাজউক ও সিটি কর্পোরেশনকে। তিনি বলেন, ঢাকা শহরে যেভাবে রুফটপ রেস্টুরেন্ট বাড়ছে তা নতুন মাত্রার ঝুঁকি তৈরি করেছে। এগুলোর জন্য আশপাশের ভবনগুলোতেও অগ্নিঝুঁকি বাড়ছে।

তিনি আরও বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর রাজউক বলেছিল, কিছুদিনের মধ্যে তারা সব রুফটপ রেস্টুরেন্ট সরিয়ে দেবে, লাল নিশান টানিয়ে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি– আগের মতোই এসব রুফটপ রেস্টুরেন্ট চলছে।

ফার্মগেটের স্কাই রেস্টুরেন্টে আসবাবপত্র ও সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে দাহ্য উপকরণ বাঁশ ও কাঠ। । ছবি: রাকিবুল ইসলাম
ফার্মগেটের স্কাই রেস্টুরেন্টে আসবাবপত্র ও সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে দাহ্য উপকরণ বাঁশ ও কাঠ। । ছবি: রাকিবুল ইসলাম

ড. আদিল মোহাম্মদ খানের প্রশ্ন, নগর ব্যবস্থাপনায় এতটা অগ্নিঝুঁকি নিয়ে কোনো রেস্টুরেন্ট চলতে পারে না। তাহলে কেন এসব রুফটপ রেস্টুরেন্টকে নীতিমালার আওতায় আনা যাচ্ছে না?

তিনি বলেন, এর দায় সিটি করপোরেশন ও রাজউককে নিতে হবে। কারণ, এসব রেস্টুরেন্ট এদের চোখের সামনেই চলছে। কিন্তু কেউ কোনো আওয়াজ তুলছে না। আওয়াজ তোলা হয় তখনই, যখন এখান থেকে লাশ বের হয়।

তবে সরেজমিন পর্যবেক্ষণই কোনো স্থাপনার পূর্ণাঙ্গ নিরাপত্তা মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন অনুমোদনপত্র যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত পরিদর্শন।

শীত মৌসুম সামনে রেখে রুফটপ রেস্টুরেন্টগুলোর অগ্নিনিরাপত্তা পরীক্ষা, কার্যকর অগ্নিনির্বাপণ সরঞ্জাম, পর্যাপ্ত আলো এবং বাধামুক্ত জরুরি নির্গমনপথ নিশ্চিত করা জরুরি।

কারণ, বেইলি রোডের সেই ৪৬টি প্রাণহানির ঘটনা আমাদের শিখিয়েছে দুর্ঘটনার পর আফসোস করে লাভ নেই, সতর্ক হতে হবে আগেই।

রেস্টুরেন্টের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে, কিন্তু নিরাপত্তাই পারে জীবন বাঁচাতে। আরেকটি ট্র্যাজেডির অপেক্ষা না করে, এখনই সতর্ক হতে হবে।

/এফসি/