বাজারে ডেঙ্গুসহ নানা রোগের স্যালাইন সংকট, ঝুঁকিতে রোগীরা

বাজারে ডেঙ্গুসহ নানা রোগের স্যালাইন সংকট, ঝুঁকিতে রোগীরা
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশের এই ওষুধ বিক্রির দোকানসহ অনেক দোকানেই স্যালাইনের সরবরাহ কম। ছবি: সিটিজেন জার্নাল

দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। অথচ বাজারে এসব রোগীর চিকিৎসায় অতি প্রয়োজনীয় আইভি ফ্লুইড বা শিরায় দেওয়ার স্যালাইনের সংকট দেখা দিয়েছে। রোগীর স্বজনেরা ওষুধের দোকানগুলোতে গিয়ে চাহিদা অনুযায়ী আইভি ফ্লুইড পাচ্ছেন না। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের ঝুঁকি অনেক বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানেও স্যালাইন সংকটের বিষয়টি উঠে এসেছে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোর পরিচালকদের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মোট চাহিদার বিপরীতে মজুতের পরিমাণ অনেক কম। সারাদেশে স্যালাইনের মোট চাহিদা ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ লিটার। এই চাহিদার বিপরীতে মজুত আছে মাত্র ২৫ লাখ ৪৭ হাজার ৫৩০ লিটার।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও এর আশপাশের ওষুধের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিশেষ করে ৫০০ মিলিলিটার ও এক লিটার ওজনের আইভি ফ্লুইড বা স্যালাইন কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। বেবি স্যালাইনের সংকট আরও বেশি। প্রয়োজনের সময় স্যালাইন না পেয়ে এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে হচ্ছে অভিভাবকদের।

ডেঙ্গু আক্রান্ত রোগীসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যালাইন প্রয়োজন হয়। ফলে বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিলে সরাসরি ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর জন্য এক লিটার আইভি ফ্লুইড বা স্যালাইন প্রয়োজন ছিল রাফিউল হুদার। দীর্ঘ সময় বিভিন্ন দোকানে খুঁজেও ওই স্যালাইন পাননি তিনি। পরে একটি দোকানে ৫০০ মিলিলিটারের একটি স্যালাইন পান তিনি।

রাফিউল হুদা বলেন, তার ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার এক লিটারের স্যালাইন দরকার। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে একটা দোকানে গিয়ে ৫০০ মিলিলিটারের পাওয়া গেছে। এক লিটার প্রয়োজন হলেও আপাতত সেটুকু নিয়েই ফিরতে হয়েছে।

ডায়িরয়ায় আক্রান্ত সন্তানের জন্য প্রয়োজনীয় স্যালাইন কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও খালি হাতে ফিরতে হয়েছে শাহিনুর ইসলামকে। শাহিনুর ইসলাম বলেন, ‘আমার বাচ্চার জন্য বেবিসল জুনিয়র স্যালাইনটা খুব প্রয়োজন। কিন্তু আশপাশের কোনো ওষুধের দোকানেই সেটি খুঁজে পাচ্ছি না। সবাই বলছে, অনেক দিন ধরেই নাকি এই স্যালাইনের সরবরাহ নেই। এখন সন্তানের চিকিৎসার জন্য এমন অসহায় অবস্থায় পড়েছি যে, বেশি টাকা দিয়েও যদি স্যালাইনটা পাওয়া যায়, তবুও কিনতে রাজি আছি। কিন্তু কোথাও পাচ্ছি না।’

হাসপাতাল সংলগ্ন ইমন ফার্মেসির বিক্রয়কর্মী সিরাজুল ইসলাম বলেন, ‘প্রায় দেড় মাস ধরে আইভি ফ্লুইডের সরবরাহ প্রায় বন্ধই রয়েছে। সরবরাহ নিয়মিত হচ্ছে না। কখনো কিছু পাওয়া গেলেও পরিমাণে তা খুবই কম। কেন এমন হচ্ছে, তা আমাদের জানা নেই। তবে এখনো স্যালাইনের দাম বাড়েনি।’

চাহিদা অনুযায়ী স্যালাইন পাওয়া যাচ্ছে না। উৎপাদনকারী কোম্পানি থেকে অনিয়মিত সরবরাহের কারণে রোগীর স্বজনদের স্যালাইন দিতে পারছিনা। সুমন হোসেন বিক্রয়কর্মী, জাকির ফার্মেসি

একই ধরনের সংকটের কথা জানিয়েছেন জাকির ফার্মেসির বিক্রয়কর্মী সুমন হোসেন। তিনি বলেন, ‘চাহিদা অনুযায়ী স্যালাইন পাওয়া যাচ্ছে না। উৎপাদনকারী কোম্পানি থেকে অনিয়মিত সরবরাহের কারণে রোগীর স্বজনদের স্যালাইন দিতে পারছিনা। যারা দেড় মাস আগে বেশি স্যালাইন স্টক করেছে, তাদের কাছে এটা পেতে পারেন। আমাদের স্টক একদম ফাঁকা।’

চিকিৎসকেরা বলছেন, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসায় আইভি ফ্লুইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যালাইন প্রয়োজন হয়। ফলে বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিলে সরাসরি ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

দেশে আইভি ফ্লুইড উৎপাদন ও বাজারজাত করছে বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডেক্সোরাইড, ওরিয়ন ইনফিউশনের ডেক্সট্রোসল ও ডেক্সট্রোসল-বেবি, পপুলার ফার্মাসিউটিক্যালসের গ্লুকোসল ও পেডিসল, এসিএমই ল্যাবরেটরিজের ডিএনএস ও কিডসল এবং অপসো ফার্মার বেবিসল ও বেবিসল জুনিয়র উল্লেখযোগ্য। এছাড়া লিব্রা ইনফিউশনও আইভি ফ্লুইড বাজারজাত করে। সরকারি পর্যায়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) আইভি ফ্লুইড উৎপাদন করে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত্ব এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডও এই স্যালাইন উৎপাদন করে।

দাম বাড়ানোর জন্য স্যালাইনের কৃত্রিম সংকট করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে ওরিয়ন ইনফিউশনের প্রশাসন বিভাগের প্রধান মো. ফরহাদ হোসেন সিটিজেন জার্নালকে বলেন, ‘আমাদের উৎপাদন ক্যাপাসিটি কম। আমরা আমাদের ক্যাপাসিটির শতভাগ ব্যবহার করছি। অনেক সময় কাঁচামালের অভাবেও সংকট দেখা যায়। এছাড়া ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হয়তো এমন সংকট হতে পারে।’

সারাদেশে স্যালাইনের মোট চাহিদা ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ লিটার। এই চাহিদার বিপরীতে মজুত আছে মাত্র ২৫ লাখ ৪৭ হাজার ৫৩০ লিটার।

মাঠপর্যায়ে স্যালাইনের সংকট প্রকট হলেও তা সঠিক নয় বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মো. নুরুল ইসলাম। তিনি বলেন, চাহিদা অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে আইভি ফ্লুইড সরবরাহ করা হচ্ছে। এখনও কোনো সংকটের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুজ্জামান খান বলেন, ‘কয়েকটি কোম্পানি আছে যারা এই ফ্লুইডগুলো সরবরাহ করে। তবে আমাদের কাছে এমন সংকটের কোনো তথ্য নেই। আসলেই এমন সংকট হলে তার কারণটা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোই ভালো বলতে পারবে।’

/বিবি/