গাবতলী-সদরঘাট নৌপথে চালু হচ্ছে লঞ্চ, ভাড়া কত

গাবতলী-সদরঘাট নৌপথে চালু হচ্ছে লঞ্চ, ভাড়া কত
ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

সড়কের যানজট এড়িয়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের বিকল্প হিসেবে আবারও চালু হচ্ছে গাবতলী-বছিলা-সদরঘাট নৌপথে লঞ্চ সার্ভিস। রবিবার (২২ নভেম্বর) থেকে নতুন করে এই নৌপথে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। এতে গাবতলী, মোহাম্মদপুর, বছিলা ও আশপাশের এলাকার মানুষের পুরান ঢাকায় যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, লঞ্চ সার্ভিসটি গাবতলী থেকে ছেড়ে মোহাম্মদপুরের বছিলা লঞ্চঘাট, খাগাইল, সোয়ারীঘাট ও বাবুবাজার হয়ে সদরঘাট পর্যন্ত চলাচল করবে। সপ্তাহের সাত দিনই এই সার্ভিস চালু থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। এই নৌপথে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। আর মোহাম্মদপুরের বছিলা লঞ্চঘাট থেকে সদরঘাট পর্যন্ত যাত্রীদের ভাড়া গুনতে হবে ৫০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে গাবতলী ও সদরঘাট রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিলো। এ এলাকার বাসিন্দাদের নৌপথে সরাসরি গাবতলি থেকে সদরঘাটে যাতায়াতের প্রত্যাশা ছিলো। নতুন এই সার্ভিস চালু হওয়ায় সড়কের যানজট এড়িয়ে তুলনামূলক স্বল্প খরচে যাতায়াতের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে প্রতিদিন পুরান ঢাকায় যাতায়াতকারী কর্মজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের জন্য এটি বিকল্প পরিবহন হিসেবে কাজে আসতে পারে।

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা আবু রাসেল বলেন, শুনেছি ২০১০ সালে গাবতলী–সদরঘাট নৌপথে ওয়াটার বাস সার্ভিস চালু হয়েছিলো। তুরাগ ও বুড়িগঙ্গা নামে দুটি ওয়াটার বাস দিয়ে শুরু হওয়া ওই সার্ভিস গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চলাচল করতো। পরে যাত্রী সংকটসহ নানা কারণে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। গাবতলীতে আমার ব্যবসা রয়েছে। নতুন করে এই লঞ্চ সার্ভিস চালু হওয়ায় যাতায়াত অনেক সহজ হবে। সড়কের যানজট এড়িয়ে নৌপথে যাতায়াত করতে পারবো। এতে সময় বাঁচার পাশাপাশি ব্যবসার কাজেও সুবিধা হবে বলে আশা করছি।

লঞ্চ সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্ট কাওছার হোসেন সিটিজেন জার্নাল টোয়েন্টিফোরকে বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নৌপথে সহজে সদরঘাট যাতায়াতের ব্যবস্থা। সেই প্রত্যাশা থেকেই আমরা সার্ভিসটি চালু করছি। সপ্তাহের প্রতিদিন লঞ্চ চলবে। যাত্রীদের জন্য ভাড়াও সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছি। আশা করছি, এই নৌপথ চালু হলে মানুষের যাতায়াতের ভোগান্তি কিছুটা কমবে।

/এসবি/