পুত্রসন্তানের মা হলেন সামান্থা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পুত্রসন্তানের মা হলেন সামান্থা
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর সংসারে এসেছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সামান্থা। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দের খবর ভাগ করে নেন সামান্থা।

ছবিতে দেখা গেছে, মা-বাবা দুজনেই আদর করে ধরে রেখেছেন সন্তানের ছোট্ট আঙুল।

ছবির ক্যাপশনে অভিনেত্রী সামান্থা রুথ লিখেন, আমাদের সুন্দর পুত্রসন্তান দেব নিদিমোরু। আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি। পাশাপাশি সন্তানের জন্মতারিখও উল্লেখ করেন তিনি।

খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভকামনা জানিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও বরলক্ষ্মী শরৎকুমারসহ বিনোদন জগতের অনেকেই। নবজাতকের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন তারা।

নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ সংযত সামান্থা ও রাজ। সম্পর্কের বিষয়েও প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তারা। এবার প্রথম সন্তানের জন্মের মধ্য দিয়ে জীবনের নতুন এক যাত্রা শুরু হলো তাদের।

২০১৭ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে। তবে দীর্ঘ চার বছরের দাম্পত্যের পর ২০২১ সালের অক্টোবরে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত জানান তারা। এরপর অভিনয়, ব্যক্তিগত উন্নতি ও নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন সামান্থা।

পরবর্তী সময়ে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে কাজ করতে গিয়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। কাজের সূত্রে গড়ে ওঠা সেই পরিচয় একসময় ব্যক্তিগত সম্পর্কের রূপ নেয়। এরপর অনেকটা আড়ালেই নিজেদের নতুন জীবন সাজান তারা। এবার পুত্রসন্তান দেবের জন্মের মধ্য দিয়ে তাদের পরিবারে পূর্ণতা এলো নতুন এক আনন্দে।

/এসবি/