শিরোনাম

দক্ষিণ ভারতের ‘নাইটিঙ্গেল’ এস জানকি আর নেই

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দক্ষিণ ভারতের ‘নাইটিঙ্গেল’ এস জানকি আর নেই
সুরসম্রাজ্ঞী এস জানকি।

দক্ষিণ ভারতের ‘নাইটিঙ্গেল’ নামে পরিচিত কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকি মারা গেছেন। গতকাল শনিবার (১১ জুলাই) দেশটির কর্ণাটকের মহীশূরে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি এই প্লেব্যাক গায়িকা।

এদিকে, এস জানকির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশটির খ্যাতিমান অভিনেতা রজনীকান্ত, দক্ষিণি সিনেমার অন্যতম বড় তারকা কমল হাসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়সহ ভারতের চলচ্চিত্র ও সংগীতজগতের তারকারা।

হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বয়সজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন জানকি। সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে জানকির নাতনি অপ্সরা বৈদ্যুলা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তিনি শান্তিতে বিদায় নিয়েছেন। আমাদের হৃদয় ভারাক্রান্ত, তবে তার অসাধারণ জীবন ও সংগীতের মাধ্যমে কোটি মানুষের জীবনে যে আনন্দ তিনি ছড়িয়ে দিয়েছেন, সে জন্য আমরা কৃতজ্ঞ। বিশ্বের কাছে তিনি ছিলেন এক কিংবদন্তি কণ্ঠ, আর আমাদের কাছে ছিলেন স্নেহময়ী দাদি।’

জানা গেছে, ১৯৫৭ সালে প্লেব্যাক গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন জানকি। প্রায় ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ২০টির বেশি ভারতীয় ভাষায় প্রায় ৪৮ হাজার গান রেকর্ড করেন। তার মধ্যে কন্নড়, তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রেই তার অবদান ছিল সবচেয়ে বেশি।

জানকি নিজের ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন ভাষায় ৩৩টি রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পাশাপাশি সংগীতে অসামান্য অবদানের জন্য কর্ণাটক রাজ্যোৎসব পুরস্কার এবং মহীশূর বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেটও পেয়েছিলেন এই সুরসম্রাজ্ঞী।

/এফআর/