শিরোনাম

ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে: ট্রাম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক চলমান যুদ্ধে একাধিক মার্কিন সেনা নিহত হওয়ার পর সোমবার (২০ জুলাই) তিনি এ হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। এতে আরও তিন জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন। ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে সম্প্রতি ইরানে ভয়াবহ হামলা শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। পাল্টা জবাব দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালাচ্ছে তেহরান। এর মধ্যে দুজন জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও একজন সেনার দেহাবশেষ পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সোমবার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যতবারই ইরান আমেরিকান সেনাকে হত্যা করবে, ততবারই তাদের সেই হত্যার জন্য বহুগুণ মূল্য দিতে হবে। এ বিষয়ে তার নির্দেশনা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে ট্রাম্প পেন্টাগনকে কী ধরনের নির্দেশনা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জর্ডানে প্রাণঘাতী হামলার আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার মোতায়েন শুরু করেছিল।

গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে লক্ষ্যবস্তু করা হবে বলে উল্লেখ করেন। পাশাপাশি খার্গ দ্বীপের তেল স্থাপনা এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলার নির্দেশ দেন।

হরমুজ প্রণালি সচল রাখার কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। তাদের ধারণা, ভবিষ্যতে আরও বড় সামরিক অভিযান চালানোর আগে এসব সক্ষমতা দুর্বল করা প্রয়োজন।

সূত্র: রয়টার্স

/জেএইচ/