নির্মাতা মাতিয়া বানু শুকু আইসিইউতে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নির্মাতা মাতিয়া বানু শুকু আইসিইউতে
মাতিয়া বানু শুকু

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জরুরি ভিত্তিতে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এর আগে তিনি কেবিনে ছিলেন।

সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু এ তথ্য জানান। তিনি বলেন, ‘অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে। তার জ্ঞান এখনো আছে।’

জানা গেছে, তার ক্যান্সার ছড়িয়ে পড়ায় বর্তমানে অক্সিজেন ১৫-২০ লিটার পর্যন্ত লাগছে। সিভি লাইনের পারমিশন দেওয়া হয়েছে। তবে লাইফ সাপোর্টের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

টিংকু জানিয়েছে, কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসা ব্যয় বেশি। এজন্য মাতিয়া বানুর শারিরীক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে রাজধানীর অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এখন তার চিকিৎসা চলছে।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তার স্বামী গুণী নির্মাতা নূরুল আলম আতিক।

মাতিয়া বানু দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ছোট পর্দা এবং চলচ্চিত্রে সৃজনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার নির্মাণে মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্পগুলো নিপুণভাবে ফুটে ওঠে।

তিনি ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’ এর মত জনপ্রিয় টেলিফিল্ম, ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।

/জেএইচ/