প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘প্রশ্নবিদ্ধ’ বললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘প্রশ্নবিদ্ধ’ বললেন শবনম ফারিয়া
শবনম ফারিয়া

সম্প্রতি ‘বাবা-মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার এই মন্তব্যকে প্রশ্নবিদ্ধ বলে জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে দেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিভিন্ন উদাহরণ তুলে ধরে নারীদের কর্মজীবন, আত্মনির্ভরতা এবং সন্তান লালনপালন নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।

সিটজেন জার্নাল পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

“আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক, ওনার একটাই কন‍্যা, ব‍্যারিস্টার। এর আগের প্রধানমন্ত্রীর কন‍্যা অটিজম নিয়ে সরকারি/বেসরকারিভাবে অনেক কাজ করেছেন।

প্রধানমন্ত্রী যখন তার স্ত্রীর ওপর ছাতা ধরে, আমরা আমাদের হাজবেন্ডদের উদাহরণ দেই, দেখো, শিখো! আবার আগের প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার একটা ছবি ওনার ছেলে পোস্ট করেছিল একবার, তখন সবাই বলেছিল, মেয়েরা যতই বড় কিংবা দায়িত্ববান পজিশনে থাকুক, যত ব‍্যস্ত হোক, ছেলে মেয়েদের প্রিয় জিনিস করতে কখনো ক্লান্তি আসে না। এগুলো আমাদের জন‍্য ইনসপিরেশান, আমরা এগুলো থেকে শিখি, আমরা বিশ্বাস করি তারা পারলে, আমরাও পারবো।

অথচ, আমাদের মতো দেশে যেখানে আমরা প্রতিনিয়ত মেয়েদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে বলি, ফ্রি শিক্ষার ব‍্যবস্থা করার চেষ্টা করে সরকার এবং এনজিও গুলো, মেয়েদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করার জন‍্য মেয়েদেক কাজ করাতে উৎসাহিত করা হয়, সেখানে যখন দায়িত্ববান জায়গা থেকে যদি স্টেটমেন্ট আসে, “বাবা- মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না” তখন এইটা খুবই “প্রশ্নবিদ্ধ” একটা মতামত হয়।

কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে বলছিল, কর্পোরেটে মিড ক‍্যারিয়ারে বেশিরভাগ মেয়েরা ক‍্যারিয়ার ছেড়ে দেয় শুধুমাত্র, সন্তান লালনপালনের জন্যে। অথচ স্টেটমেন্ট এমন হওয়া উচিৎ ছিল, একটা সন্তান লালনপালন বাবা এবং মায়ের সমান দায়িত্ব। আমরা শুধুমাত্র মেয়েদের সন্তান লালনপালন করাকে কোনো এক্সট্রা প্রেশার হিসেবে গ্রহণ করতে দিবো না। প্রত্যেকটা অফিসে মানসম্মত ডে কেয়ারের ব্যবস্থা করবো কিংবা অর্গানাইজেশন গুলোকে এই নির্দেশনা দিবো, যাতে কোনো মার তার সন্তানকে ফেলে কাজ করছে এই গিল্ট ট্রিপ নিয়ে কাজে যেতে না হয়। কাজ এবং সন্তান লালনপালন একইসাথে করতে পারে।

বর্তমানে সারা বিশ্বে অর্থনৈতিক যে অবস্থা, তাতে একজনের আয়ে, সন্তানদের সুন্দর একটা জীবন দেয়া, ভাল জায়গায় পড়াশুনা করানো, ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া অনেক কঠিন। তবে অসম্ভব না। তখন ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে এই লাইফস্টাইল মেইনটেইনের জন‍্য।

আর এভাবেই বছরের পর বছর আমরা দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেই যাবো।”

/জেএইচ/