শিরোনাম

মৃন্ময়ী মেঘার গান ‘অবিশ্বাসের দেশে’

বিনোদন ডেস্ক
মৃন্ময়ী মেঘার গান ‘অবিশ্বাসের দেশে’
গানটিতে মডেল হিসেবে দেখা গেছে মৃন্ময়ী মেঘাকে। ছবি: সৌজন্যে

প্রথমবারের মতো বড়দের নিয়ে প্রকাশ পেয়েছে ছোটদের গান! প্রথমে শুনলে মনে প্রশ্ন জাগতে পারে, বড়দের নিয়ে ছোটদের গান আবার কেমন? উত্তরে বলা যেতে পারে, এটা আসলেই অন্যরকম। যেখানে গানে গানে ছোটদের পক্ষ থেকে বড়দের জন্য রয়েছে কিছু পরামর্শ।

জীবনমুখী ধারার এই গানটির শিরোনাম ‘অবিশ্বাসের দেশে’। স্থপতি এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে, অটমনাল মুনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি মেঘার গাওয়া তৃতীয় মৌলিক গান।

‘অবিশ্বাসের দেশে’ গানচিত্রটি প্রকাশিত হয়েছে এক নির্ঝরের গান প্রজেক্টের আওতায় গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব, যেখানে মডেল হিসেবে দেখা গেছে মৃন্ময়ী মেঘাকেই।

ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে/ আবোল তাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে/ ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে/ একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে/ ...।

রাজনৈতিক বার্তা বহন করলেও সম্পূর্ণ অরাজনৈতিক আবহে তৈরি গানটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘সময়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, কার কথা কে শুনবে তা বোঝাই কঠিন। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বুঝে ফেলে হয়তো। কিন্তু তারা তো সেগুলো সরাসরি ধরিয়ে দিতে পারে না। সেখান থেকেই ভাবনাটা এসেছে। আমাদের, অর্থাৎ বড়দের নিয়েই যদি বাচ্চারা গান করে, তাহলে হয়তো সেটা সবার কানে পৌঁছাবে। তাতে যদি আমাদের একটু হলেও হুঁশ ফেরে। যদিও জানি, তাতেও খুব বেশি কিছু বদলাবে না। তবু আমরা চেষ্টা করে যেতে পারি। সেই চেষ্টারই ফল মৃন্ময়ী মেঘার কণ্ঠে এই গান।’

এদিকে ভিন্নধর্মী কথার এই গানটি গেয়ে বড়দের কাছ থেকেও বেশ প্রশংসা পাচ্ছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। প্রতিক্রিয়ায় মেঘা জানায়, ‘নির্ঝর আংকেলের কথা-সুরে এবং মুন আংকেলের সংগীতায়োজনে এটি আমার দ্বিতীয় গান। এবারের গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও দারুণ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গান গাইতে পারি।’

উল্লেখ্য, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ হয় ২০২৪ সালে অটমনাল মুনের কথা, সুর, সংগীতে ‘ভূতের রাজা দিলো বর’। ২০২৫ সালে প্রকাশ হয় এনামুল করিম নির্ঝরের কথা-সুরে দ্বিতীয় গান‌ ‘হাউ মাউ খাউ’।

/জেএইচ/