শিরোনাম

জনপ্রিয় চীনা অভিনেতা জিন জে’র অকাল প্রয়াণ

সিটিজেন ডেস্ক
জনপ্রিয় চীনা অভিনেতা জিন জে’র অকাল প্রয়াণ
জনপ্রিয় চীনা অভিনেতা ও মডেল জিন জে। ছবি: হিন্দুস্তান টাইমস

মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন চীনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ও মডেল জিন জে। শনিবার (৬ জুন) তার এজেন্সি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৪ জুন) চীনের হাংঝৌ শহরে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এজেন্সির পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্ম নেওয়া এ প্রতিভাবান তরুণের আসল নাম ঝাং জিয়াওয়েই। ফ্যাশন–জগত থেকে ক্যারিয়ার শুরু করা জিন জে বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি অভিনয়ে পা রাখেন এবং বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল প্ল্যাটফর্মের শর্ট ড্রামা বা মাইক্রো ড্রামার মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে।

মৃত্যুর আগে জিন জে অভিনীত ‘ওয়েটিং ফর দ্য ফ্লাওয়ারস টু ব্লুম, ওয়েটিং ফর ইওর রিটার্ন’ নামের একটি নতুন শর্ট ড্রামা নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছিল। চীনের জনপ্রিয় প্ল্যাটফর্ম হুনগ্গুও শর্ট ড্রামায় সিরিজটির জন্য প্রায় ১৪ লাখ ৮০ হাজারেরও বেশি দর্শক আগাম আগ্রহ নিবন্ধন করেছিলেন। কিন্তু তার এ আকস্মিক প্রয়াণে প্রকল্পটির ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ৫০ লাখেরও বেশি অনুসারী থাকা এ অভিনেতা গত ৬ মে তার শেষ পোস্টে একটি নতুন শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছিলেন, যা এখন তার শেষ স্মৃতিতে পরিণত হলো।

এদিকে জিন জের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার আগেই খবরটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই শীর্ষ ট্রেন্ডে পরিণত হয়। এ পরিস্থিতিতে অভিনেতার এজেন্সি জনসাধারণ ও ভক্তদের প্রতি কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে। সে সঙ্গে শেষকৃত্যের আয়োজন চলাকালে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধও করা হয়েছে। পর্দায় প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠা এ তরুণ অভিনেতার অকাল মৃত্যুতে চীনের বিনোদন অঙ্গনসহ তার সহশিল্পী, নির্মাতা ও অসংখ্য ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/