ব্যস্ততার মাঝেও ভিকিই আমার শান্তির জায়গা: ক্যাটরিনা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ব্যস্ততার মাঝেও ভিকিই আমার শান্তির জায়গা: ক্যাটরিনা
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

অভিনয়ের পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজের প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ পরিচালনার কাজে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবন, সংসার এবং মাতৃত্বের দায়িত্ব একসঙ্গে সামলানোর নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

​ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

​ক্যাটরিনা বলেন, কাজের ঘণ্টা গুনে আসলে শেষ করা সম্ভব নয়। তবে একজন মানুষ আছেন, যিনি নিয়মিত এই হিসাবটা রাখেন, তিনি আমার স্বামী। তিনি আমাকে বারবার ফোনটা পাশে সরিয়ে রাখতে বলেন। কিন্তু কোনো কাজের প্রতি যখন প্রবল ভালোবাসা থাকে, তখন আর সময়ের বাঁধা-ধরা হিসাব থাকে না।

তিনি বলেন, একজন অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী এবং মা জীবনের এই বহুমুখী ভূমিকাগুলো একসঙ্গে সামলানো বেশ চ্যালেঞ্জিং। তবে সবকিছু শতভাগ নিখুঁতভাবে করতে গিয়ে নিজের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি করতে চাই না । নিজের প্রতি কিছুটা সহানুভূতিশীল হওয়া জরুরি। নিজেকে সময় দিতে হবে এবং একটু স্বস্তিতে থাকতে দিতে হবে। জীবনের প্রতিটি নতুন ভূমিকার সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজস্ব কিছু সময়ের প্রয়োজন হয়।’

এই বলিউড অভিনেত্রী বলেন, সব সময় সবকিছু ঠিকঠাকভাবে সামলাতে না পারলে কিংবা হাঁপিয়ে উঠলে নিজের প্রতি সদয় হতে হবে। আমার স্বামী সব সময় ভীষণভাবে আমার পাশে থাকেন। আমার অস্থিরতার মাঝেও তিনিই আমার শান্তির জায়গা।

​উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ।

/এসবি/