বাড়িতে রহস্যময় ঘটনা, আতঙ্কিত শ্রুতি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বাড়িতে রহস্যময় ঘটনা, আতঙ্কিত শ্রুতি
ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান

ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের মুম্বাইয়ের বাসায় এক ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য ও আতঙ্ক। অভিনেত্রীর দাবি, বাড়িতে রাখা একটি ম্যানিকুইন (প্লাস্টিকের মানবাকৃতির পুতুলকে) প্রায়ই নিজের অবস্থান পরিবর্তন করতে দেখা যেতো। বিষয়টি তাকে এতটাই ভীত করে তোলে যে, শেষ পর্যন্ত বাড়ি থেকে ম্যানিকুইনটি সরিয়ে ফেলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান শ্রুতি।

তিনি বলেন, কোনো কোনো জায়গার অস্বাভাবিক শক্তি বা পরিবেশ অনুভব করি। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করতাম। সেই বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল। নাম দিয়েছিলাম ‘ফিওনা’।

শ্রুতি বলেন, আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাক ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলাম। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতো। কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি তার কাছে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই। এরপর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতাম। হাতে লবণ নিয়েও কিছু আচার পালন করি। এরপর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।

তিনি বলেন, পরিবারের সদস্যদের মধ্যে আমিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছি যেখানে ধর্মীয় আচার পালন বা ঈশ্বরের উপাসনার তেমন চল ছিল না।

/এসবি/