শিরোনাম

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
স্বর্ণ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সর্বশেষ ২১ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫ বার, আর কমেছে ৪৭ বার। এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে, আর কমেছে ২৮ বার।

/জেএইচ/