শিরোনাম

গাজীপুরে আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
গাজীপুরে আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
আইশ্বিন ফুডস লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জে নানা অনিয়মের অভিযোগে খাদ্যপণ্য উৎপাদানকারী প্রতিষ্ঠান আইশ্বিন ফুডস লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এর আগে, গত ২০ জুলাই কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর অফিসের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, কালীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশের সদস্যরা।

অভিযানকালে কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ছিল খাদ্যপণ্যের লেবেলে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়া, খাদ্য সংযোজন দ্রব্যের সংরক্ষণ ও লেবেলিংয়ে ত্রুটি, ৩০ দিনের মেয়াদ উল্লেখ থাকলেও ব্রেডের শেলফ লাইফ স্টাডি ও ল্যাব পরীক্ষার প্রমাণ দেখাতে না পারা, খাদ্যপণ্য ঢেকে না রাখা এবং উৎপাদন এলাকায় মাছির উপস্থিতি।

এ ছাড়া খাদ্য সংযোজন দ্রব্যের ম্যাটেরিয়াল ডাটা সেফটি শিট ও সার্টিফিকেট অব অ্যানালাইসিস সংরক্ষণ না করা, উৎপাদনে সংযোজন দ্রব্যের সঠিক ব্যবহারসংক্রান্ত প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়া এবং খাদ্যপণ্যের চালান ও ক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়ও পরিলক্ষিত হয়।

গাজীপুরে আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা ২
আইশ্বিন ফুডস লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩২(ক) ও ৩৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, অধিকতর পরীক্ষার জন্য কারখানা থেকে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনাও সংগ্রহ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

/এফআর/