শিরোনাম

বৃষ্টিতে চড়া সবজির দাম, কাঁচামরিচে ডাবল সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিতে চড়া সবজির দাম, কাঁচামরিচে ডাবল সেঞ্চুরি
রাজধানীর একটি কাঁচাবাজার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় হু হু করে বাড়ছে সবজির দাম। বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ২০০ টাকা। সপ্তাহের ব্যবধানে বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বুধবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানী বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখে গেছে, বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, শসা ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং পটল ৮০ টাকায়। এছাড়া টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা, মিষ্টি কুমড়া পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে কাঁচা মরিচের দাম সপ্তাহান্তে দিগুণ হয়েছে। কয়েক দিন আগে এক কেজি কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দামও বেড়েছে। কয়েকদিন আগেও যেখানে এক কেজি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় কেনা যেতো, এখন সেটা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরে সবজির দাম বেড়েছে। সামনের দিকে দাম আরও বাড়তে পারে। তবে সরবরাহ বাড়লে দাম আবারও কমতে শুরু করবে।

অন্যদিকে সবজির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন, কয়েকদিনের ব্যবধানে সবজির দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। এভাবে চলতে থাকলে পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে।

বশির নামের আরেকজন ক্রেতা বলেন, সবজির দাম এভাবে বাড়তে থাকলে চাহিদা অনুযায়ী বাজার করতে পারবো না। এসব জিনিসের দাম কমানোর জন্য সরকারের নজর দেওয়া উচিত।

/জেএইচ/